কালীগঞ্জের বারোবাজার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের দুর্নীতি ও নিয়োগ বাণিজ্যের বিরুদ্ধে ক্লাস বন্ধ করে বিক্ষোভ মিছিল করেছে শত শত শিক্ষার্থী। এর আগেও একবার তারা বিক্ষোভ করেছিল।

রোববার সকাল নয়টায় তারা ক্লাস বন্ধ করে বিদ্যালয় প্রাঙ্গণে বিক্ষোভ করে। এসময় তারা বিক্ষোভ মিছিল নিয়ে বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মাহবুবুর রহমান রঞ্জুর কাছে প্রধান শিক্ষকের পদত্যাগ দাবি করে।

শিক্ষার্থীদের অভিযোগ, প্রধান শিক্ষক নিয়মিত স্কুলে আসেন না। বিদ্যালয়ে নিয়মিত ক্লাসও হয় না। যেদিন আসেন শুধু গান বাজনা নিয়ে ব্যস্ত থাকেন।

প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা আন্দোলন শুরু করেছে বলে জানায়।

ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা আবুল কালাম বলেন, ‘বিদ্যালয়ের শিক্ষার্থীরা গত ৩ মে আমার কাছে এসেছিল। কিন্তু তাদের সঙ্গে আমার দেখা হয়নি। তবে শিক্ষার্থীদের অভিযোগ থেকে জানতে পেরেছি, প্রধান শিক্ষক বিদ্যালয়ের আইনশৃঙ্খলা রক্ষা, নিয়মিত ক্লাস নেওয়াসহ সব কাজে ব্যর্থ। যে কারণে শিক্ষার্থী ও অভিভাবকরা ক্ষুব্ধ।’

বিদ্যালয়ের প্রধান শিক্ষক রফিকুল ইসলাম জানান, শিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ তুলে শিক্ষার্থীরা বিক্ষোভ করেছে। তবে এই অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, ‘একটি মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে।’

এমআইএস