যশোরের বেনাপোল সীমান্তে অবৈধভাবে দেশে ফেরার অভিযোগে নয় বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
শনিবার বিকেল ৫টার দিকে ভারত সীমান্তবর্তী বেনাপোলের সাদিপুর ও পুটখালী গ্রাম থেকে তাদের আটক হয়।
তবে, এ সময় কোনো পাচারকারীকে আটক করতে পারেনি বিজিবি।
আটকরা হলেন- মাদারীপুরের শিবচর থানাধীন লিংকি গ্রামের রজব আলীর ছেলে আলাউদ্দিন (৬৫), আলাউদ্দিনের মেয়ে সোনাভান (০৬), নজরুলের মেয়ে নূরবানু (২৮) ও আদিয়া (০৬), নড়াইলের দেয়াবাগ এলাকার খোরশেদের মেয়ে আফরোজা (২২), মান্নানের স্ত্রী মনিরা (৩০), নোয়াখালীর সোনাডাঙ্গা এলাকার আব্দুর রবের ছেলে জাকির (২২), অনিক ভৌমিকের স্ত্রী চায়না (৩৬) এবং মাগুরার মোহাম্মদপুরের আব্দুল কাদেরের স্ত্রী হোসনে আরা (৪৫)।
বেনাপোল আইসিপি ক্যাম্পের সুবেদার আইয়ুব হোসেন জানান, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের সময় বিজিবি সদস্যরা ধাওয়া করলে পাচারকারীরা এসব নারী-পুরুষকে ফেলে পালিয়ে যায়। পরে সেখান থেকে তাদের আটক করে পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
বেনাপোল পোর্ট থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) তাইজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আটকদের বিরুদ্ধে অবৈধ পারাপারের অভিযোগে মামলা হয়েছে। রোববার দুপুরে তাদের যশোর আদালতে পাঠানো হবে।
এসএইচ





