প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২৩ উপজেলায় ৭টি বিদ্যুৎ কেন্দ্র ও ২৩টি বিশেষায়িত বিদ্যুতায়ন প্রকল্পের উদ্বোধন করেছেন।
আজ (১৩ নভেম্বর) বুধবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এসব বিদ্যুৎকেন্দ্র উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী।
উদ্বোধনী অনুষ্ঠানে শেখ হাসিনা বলেন, আগামী বছরের মধ্যে দেশের শতভাগ মানুষ বিদ্যুৎ সুবিধার মধ্যে আসবে।
শেখ হাসিনা বলেন, ২০২১ সালে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে সারাদেশে শতভাগ বিদ্যুৎ সরবারহ নিশ্চিতকরণে সরকার কাজ করে যাচ্ছে। তিনি বলেন, পাহাড়, হাওড়, চর ও প্রত্যন্ত এলাকায় সবার ঘরে বিদ্যুতের সরবরাহ নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে।
প্রধানমন্ত্রী জানান, সরকার ২০২১ সালের মধ্যে ২৪ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সক্ষমতা অর্জনের লক্ষ্যে দ্রুত কাজ করছে।
আজ প্রধানমন্ত্রীর উদ্বোধন করা ৭টি বিদ্যুৎকেন্দ্র হলো- আনোয়ারা ৩০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, রংপুরে ১১৩ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, কর্ণফুলীতে ১১০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, শিকলবাহায় ১০৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, পটিয়ায় ৫৪ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র, তেঁতুলিয়ায় ৮ মেগাওয়াট সোলার বিদ্যুৎকেন্দ্র ও গাজীপুরে ১০০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্র।
শতভাগ বিদ্যুতায়নের আওতাধীন ২৩ উপজেলা হলো- বগুড়ার গাবতলী, শেরপুর, শিবগঞ্জ, চট্টগ্রামের লোহাগাড়া, ফরিদপুরের মধুখালী, নগরকান্দা, সালথা, গাইবান্ধার ফুলছড়ি, গাইবান্ধা সদর, পলাশবাড়ী, হবিগঞ্জ জেলার মাধবপুর, নবীগঞ্জ, ঝিনাইদহের কালীগঞ্জ, মহেশপুর, কিশোরগঞ্জের করিমগঞ্জ, নাটোরের বড়াইগ্রাম, লালপুর, সিংড়া, নেত্রকোনার বারহাট্টা, মোহনগঞ্জ এবং পিরোজপুর জেলার ভাণ্ডারিয়া, কাউখালী ও ইন্দুরকানী।
এমবি





