জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন উপাচার্য ড. আফতাব আহমেদ হত্যা মামলায় বিএনপির সাবেক সাংসদ মফিকুল ইসলাম তৃপ্তিকে গ্রেপ্তার করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।
আজ বুধবার বিকেল সাড়ে ৫টার দিকে রাজধানীর বনানীর বাসা থেকে ঢাকা মহানগর দক্ষিণ বিভাগের কোতোয়ালি ইউনিট তৃপ্তিকে গ্রেপ্তার করে বলে নিশ্চিত করেছেন সিআইডির বিশেষ পুলিশ সুপার (এসপি) এনামুল কবির।
তিনি বলেন, ‘ভিসি ড. আফতাব আহমেদ হত্যা মামলায় এর আগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছিল। সেই চারজনের জবানবন্দিতে মফিকুল ইসলাম তৃপ্তিসহ আরো পাঁচ-ছয়জনের নাম এসেছিল। অনেক দিন ধরে তৃপ্তিকে খোঁজা হচ্ছিল কিন্তু পাওয়া যাচ্ছিল না। অবশেষে আজ সন্ধিগ্ধ আসামি তৃপ্তিকে বনানীর ২ নম্বর রোডের ৭ নম্বর বাড়ির দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে গ্রেপ্তার করা হয়েছে। আরো যে আসামিদের নাম এসেছে তাদেরও দ্রুত গ্রেপ্তার করা হবে। তৃপ্তিকে রিমান্ডে নেওয়ার জন্য আবেদন করা হবে। তাঁকে রিমান্ডে নিয়ে আরো বিস্তারিত তথ্য জানার চেষ্টা করা হবে।’
২০০৬ সালের ২৬ সেপ্টেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফুলার রোডে শিক্ষকদের আবাসিক ভবনে একদল দুর্বৃত্ত ঢুকে ড্রয়িংরুমে গুলি করে ভিসি ড. আফতাব আহমেদকে হত্যা করে। ওই ঘটনায় পরিবারের পক্ষ থেকে রমনা থানায় একটি হত্যা মামলা করা হয়। পরে মামলাটি পুলিশ ও ডিবি পুলিশের হাত ঘুরে সিআইডিতে হস্তান্তর করা হয়।
১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির জাতীয় সংসদ নির্বাচনে যশোর-১ (শার্শা-বেনাপোল) আসনে বিএনপি থেকে সংসদ সদস্য নির্বাচিত হন মফিকুল ইসলাম তৃপ্তি। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ছিলেন।
জেড





