বাংলাদেশ জামায়াতে ইসলামী জয়পুরহাট জেলা শাখার নায়েবে আমির ড. মাওলানা হাফেজ রেজাউল করিম খানসহ পাঁচজন নেতাকে অন্যায়ভাবে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বৃহস্পতিবার এক বিবৃতিতে এ প্রতিবাদ জানান।

বিবৃতিতে তিনি বলেন, পুলিশ বুধবার সন্ধ্যা ৭টায় জয়পুরহাট জেলা শাখার নায়েবে আমির মাওলানা হাফেজ রেজাউল করিম খান, কালাই উপজেলা শাখার আমির মাওলানা মুনসুর রহমান, সেক্রেটারি আবদুর রউফ, কালাই উপজেলা জামায়াতের সাবেক আমির অধ্যক্ষ তাইফুল ইসলাম ও কালাই উপজেলা শাখার ওলামা-মাশায়েখ বিভাগের দায়িত্বশীল মাওলানা মোজাফ্ফর হোসেনকে অন্যায়ভাবে গ্রেফতার করে নিয়ে যায়। তারা কালাই উপজেলা শাখা জামায়াতের আমির মাওলানা মুনসুর রহমানের বাসায় দলীয় বৈঠক করছিলেন। তাদের বিরুদ্ধে কোনো মামলা বা ওয়ারেন্ট ছিল না। সম্পূর্ণ অন্যায়ভাবে তাদেরকে গ্রেফতার করা হয়েছে।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, আমি সরকারের এই অন্যায় গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিবৃতিতে তিনি আরো বলেন, জামায়াতে ইসলামী একটি নিয়মতান্ত্রিক ও গণতান্ত্রিক দল। দেশের সংবিধান অনুসারে যেকোনো বৈধ দলের দলীয় কার্যক্রম পরিচালনা করার অধিকার রয়েছে। কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর থেকে অন্যায় ও অগণতান্ত্রিকভাবে স্বৈরাচারী পন্থায় জামায়াতের ওপর অব্যাহতভাবে দমন-পীড়ন চালাচ্ছে।


বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি জেনারেল বলেন, গণতন্ত্র হরণকারী স্বৈরাচার সরকারের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিবাদে সোচ্চার হওয়ার জন্য আমি দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি। একইসাথে জুলুম-নিপীড়ন বন্ধ করে জয়পুরহাট থেকে গ্রেফতার পাঁচ নেতাসহ সারা দেশে জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্রশিবিরের গ্রেফতার সকল নেতাকর্মীকে অবিলম্বে মুক্তি দেয়ার জন্য সংশ্লিষ্ট মহলের প্রতি আহ্বান জানাচ্ছি।

এমআর