সনাতন ধর্মালম্বীদের দীপাবলী/ কালীপূজা উপলক্ষে লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার নবীনগর বাউরা সীমান্তের বিপরীতে কুচলিবাড়ী বিএসএফ ক্যাম্পের নিকট বাংলাদেশ- ভারত দুই দেশের মানুষদের মেলবন্ধনে এক উৎসব মূখর পরিবেশের সৃষ্টি হয়।

সোমবার (২৮ অক্টোবর) সকাল ১০ টা থেকে দুই দেশের হিন্দু ধর্মালম্বী ছাড়াও মুসলমানসহ কয়েক হাজার আত্মীয়-স্বজন একে অপরকে একনজর দেখার জন্য ভারতীয় কাটা তাঁরের বেঁড়ার দু’পাশে ভীড় জমান।

এসময় উভয় দেশের বিভিন্ন এলাকা থেকে আসা লোকজন তাদের আপনজনদের দেখে আবেগ অনুভূত হন ও কুশল বিনিময় করেন।

নীলফামারীর ডিমলা থেকে আসা নরেশ্বর চন্দ্র (৫০) বলেন, “চার বছর পর ভারতের কুচবিহারের ধুনিয়া গ্রামের শ্বশুর পরিবারের আত্মীয়দের সাথে দেখা করে অনেক ভালো লাগছে।”

চাপানী এলাকা থেকে আসা সীমা রানী (২৮) জানান, “আমার মাসি ও দাদুর সাথে দেখা হয়েছে।”

জমগ্রাম এলাকার ইউনুস আলী সরকার (৬০) বলেন, “ভারতে বসবাসরত ভাই, ভাতিজাদের সাথে কথা বলে মনে শান্তি লাগছে।”

বাংলাদেশ থেকে দেখতে আসা লোকজনদের মাঝে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) প্রসাদ (খচুরী) বিতরণ করেন।

শামসুদ দোহা/এমবি