বগুড়ায় র‌্যাব-১২ সদস্যরা অভিযান চালিয়ে ভারতীয় নিষিদ্ধ এক হাজার ১০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করেছে। এ সময় ৪টি মোবাইল হ্যান্ডসেট ও একটি মোটরসাইকেলসহ ৪ জনকে আটক করা হয়।

বৃহস্পতিবার সকালে শহরের কাটনারপাড়া এলাকায় স্পেশাল কোম্পানি বগুড়া ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার মো. মশিউর রহমান মণ্ডল (এএসপি) এবং স্কোয়াড কমান্ডার আরেফার নেতৃত্বে নিয়মিত টহল দল সদর উপজেলার দর্জি বিজ্ঞান রোডের উত্তর পাশের গলির মধ্যে ঠিকাদার লেন কাটনারপাড়ায় নুর মোহাম্মদ বাড়িতে অভিযান চালায়।

আটকরা হলেন- কাটনারপাড়া মৃত আব্দুল মজিদের ছেলে নুর মোহাম্মদ ওরফে রতন (৪২), জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার কয়া পূর্বপাড়ার মো. বাছেরের ছেলে মো. উজ্জল (২৮), বগুড়া সদরের দক্ষিণ গোদারপাড়া বাজারের মৃত আফছার আলীর ছেলে মো. গোলাম রসূল (৩৫) ও ফুলবাড়ী দক্ষিণপাড়ার মৃত নুরু মিয়ার ছেলে সাঈদ শেখ (২৫)।

র‌্যাব-১২ জানায়, আটকরা দীর্ঘদিন ধরে অবৈধভাবে ফেন্সিডিলসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিল। এ ঘটনায় উদ্ধারকৃত মালামাল ও আটকদের সদর থানায় অভিযোগসহ হস্তান্তর করা হয়েছে। মামলা দায়ের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

র‌্যাব-১২ স্পেশাল কোম্পানি বগুড়া ক্যাম্পের স্কোয়াড কমান্ডার আরেফা বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করেছেন।

কেএইচ