কক্সবাজারের টেকনাফ ও উখিয়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশকালে মিয়ানমারের নাগরিক ৮৬ রোহিঙ্গা মুসলিমকে ফেরত পাঠিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (২৬ আগস্ট) সন্ধ্যা থেকে আজ রোববার সকাল পর্যন্ত সময়ে ওই ব্যক্তিদের দেশে ফেরত পাঠানো হয়।
কক্সবাজার বিজিবি ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনজুরুল আহসান জানান, গতকাল সন্ধ্যায় উখিয়া থানার পুলিশ কুতুপালং এলাকা থেকে ৭১ অনুপ্রবেশকারী রোহিঙ্গাকে আটক করে। পরে তাদের বিজিবির কাছে হস্তান্তর করে। গতকাল রাতেই মানবিক সহায়তা দিয়ে এসব রোহিঙ্গাকে নিজ দেশে ফেরত পাঠানো হয়।
অন্যদিকে, টেকনাফ বিজিবি ২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এস এম আরিফুল ইসলাম জানান, শাহপরীর দ্বীপ ও দমদমিয়া পয়েন্ট দিয়ে মিয়ানমারের ১৫ নাগরিককে নাফ নদী দিয়ে স্বদেশে ফেরত পাঠানো হয়েছে।
এমবি





