জামায়াতে ইসলামীর ডাকা রোববারের দেশব্যাপী হরতাল রাজশাহীতে ঢিলেঢালাভাবে পালিত হয়েছে। নগরীর বেশ কয়েকটি স্থানে রোববার সকাল থেকে হরতালের সমর্থনে মিছিল ও রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেছেন জামায়াত-শিবির নেতাকর্মীরা। তবে এসব ঘটনায় পুলিশ কাউকে আটক করতে পারেনি।

এদিকে শনিবার রাত থেকে রবিবার ভোর পর্যন্ত আট জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করেছে পুলিশ।

রাজশাহী মহানগর পুলিশের উপ-কমিশনার তানভীর হায়দার চৌধুরী জানান, সকাল সাড়ে ১১টার দিকে নগরীর সোনাদীঘি মোড়ে হরতালের সমর্থনে ঝটিকা মিছিল করেছেন শিবির নেতাকর্মীরা। এসময় তারা টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধের চেষ্টা করে। তবে পুলিশ আসার আগেই হরতালকারীরা পালিয়ে যায়।

এর আগে বেলা ১১টার দিকে নগরীর ডিঙ্গাডোবা ও দাশপুকুর এলাকায় বিক্ষোভ মিছিল ও টায়ারে আগুন জ্বালিয়ে রাস্তা অবরোধ করেন হরতাল সমর্থকরা। খবর পেয়ে ডিঙ্গাডোবা এলাকায় পুলিশ উপস্থিত হলে শিবিরকর্মীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে পালিয়ে যায়।

তিনি জানান, সকাল ৯টার দিকে নগরীর বোয়ালিয়া মডেল থানার দেবীশিংপাড়া এলাকায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভ মিছিল করেছেন শিবির নেতাকর্মীরা। একই সময় নগরীর শালবাগান এলাকায় বিক্ষোভ মিছিল শেষে রাস্তায় কাঠের গুঁড়ি ফেলে পালিয়ে যায় শিবিরকর্মীরা। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

তিনি আরও জানান, শনিবার ভোর থেকে রবিবার সকাল পর্যন্ত আট জামায়াত-শিবির নেতাকর্মীকে আটক করা হয়েছে।

হরতালের কারণে রাজশাহী থেকে দূরপাল্লার কোনো বাস ছেড়ে যায়নি। তবে অভ্যন্তরীণ রুটে যানচলাচল স্বাভাবিক রয়েছে। অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নগরীর গুরুত্বপূর্ণ এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। একই সঙ্গে র‌্যাব ও বিজিবি টহল দিচ্ছে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেআই