আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও অমর একুশে ফেব্রুয়ারি উপলক্ষে পুরো শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করে তিন স্তরের নিরাপত্তায় থাকবে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। এছাড়া যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।

শনিবার (২০ ফেব্রুয়ারি) দুপুরে কেন্দ্রীয় শহীদ মিনার এলাকার আইন-শৃঙ্খলা বাহিনীর নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন শেষে র‍্যাব মহা-পরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন সংবাদিকাদের এই কথা বলেন।

র‍্যাব মহা-পরিচালক বলেন, একুশে ফেব্রুয়ারিতে সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদনের জন্য শহীদ মিনার এলাকায় যেকোনো ধরনের বিশৃঙ্খলা ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঠেকাতে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র‍্যাবের পক্ষ থেকে নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পুরো শহীদ মিনার এলাকাকে পাঁচটি সেক্টরে ভাগ করে তিন স্তরের নিরাপত্তা দেবে র‍্যাব। এই পাঁচটি সেক্টরে অবজারভেশনে চেক পোস্টসহ বিভিন্ন দলে বিভক্ত করে র‍্যাব সদস্যগণ পুলিশের সঙ্গে সমন্বয় করে তিন স্তরের নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত থাকবে। এছাড়াও অন্যান্যরা আমাদের সঙ্গে নিরাপত্তার দায়িত্বে থাকবেন।

আবদুল্লাহ আল মামুন জানান, যেকোনো ধরনের বিশৃঙ্খলা রুখতে সাদা পোষাকে গোয়েন্দা নজরদারি ও টহলের মাধ্যমে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এছাড়া র‍্যাবের বোম্ব ডিজপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড শহীদ মিনার এলাকায় প্রয়োজনীয় তল্লাশি কার্যক্রমে অংশ নেবে।

নিচ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে গত ১৮ ফেব্রুয়ারি থেকে সাদা পোষাকে ও ইউনিফর্ম টহলের মাধ্যমে র‍্যাব সদস্যগণ শহীদ মিনার এলাকায় নজরদারি অব্যাহত রেখেছে। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বিভিন্ন শহীদ মিনারে জনসাধারণের চলাচল নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া এই এলাকায় সন্দেহজনক সকল হোটেল, গেস্ট হাউস, বস্তি এবং অন্যান্য সন্দেহভাজন স্থানে তল্লাশির মাধ্যমে প্রয়োজনীয় নিরাপত্তা নিশ্চিত করতে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। এছাড়া শহীদ মিনারমুখী রাস্তার মোড়গুলোতে চেকপোস্ট স্থাপনের মাধ্যমে সন্দেহভাজন ব্যক্তি, ব্যক্তির ব্যাগ পুষ্পস্থাপক ইত্যাদি তল্লাশির মাধ্যমে যথাযথ নিরাপত্তার ব্যবস্থা নিশ্চিত করা হবে।

র‍্যাবের মহাপরিচালক বলেন, শহীদ মিনারে আগত নারীদেরকে প্রয়োজনে নারী র‍্যাব সদস্যরা তল্লাশি করবেন। সার্বিক নিরাপত্তার বিষয়টি সিসিটিভির কন্ট্রোল রুমের মাধ্যমে সার্বক্ষণিকভাবে পর্যবেক্ষণ করা হবে। এছাড়া তাৎক্ষণিক ব্যবস্থা হিসেবে র‍্যাবের হেলিকপ্টার প্রস্তুত থাকবে।

একুশে ফেব্রুয়ারি নিয়ে কোনো রকম হুমকি আছে কি-না?
সাংবাদিকদের এমন প্রশ্নে র‍্যাবের এই কর্মকর্তা বলেন, এখন পর্যন্ত কোনো হুমকি পাইনি। তবে আমরা কোনো বিষয়কে হালকাভাবে নিচ্ছি না। যেকোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত আছি। সন্ত্রাসী কর্মকাণ্ডের বিশেষ কোনো তথ্য এখনো আমাদের কাছে নেই।

এমবি