রাজশাহী মহানগরীর সোনালী ব্যাংক কোর্ট শাখায় সুড়ঙ্গ করে টাকা লুটের চেষ্টা ব্যর্থ হয়েছে।

বৃহস্পতিবার রাত ১০টার দিকে সুড়ঙ্গ খোঁড়ার সময় স্থানীয়রা বুঝতে পেরে পুলিশকে খবর দিলে ঘটনার সঙ্গে জড়িতরা পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে সুড়ঙ্গ খোঁড়ার কাজে ব্যবহৃত খুনতি, বেলচা, দা, ছেনি, সাবল, হাতুড়ি, করাতসহ বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করেছে।

স্থানীয়রা জানান, রাজশাহী মহানগরীর সোনালী ব্যাংক কোর্ট শাখার ভবনটি রাস্তার পাশে হলেও প্রাচীর ঘেরা। সে কারণে সেখানে কী হচ্ছে পথচারীরা ভালোভাবে লক্ষ্য করতে পারেন না। ব্যাংকের ভল্ট (টাকা রাখার ঘর) সেখানেই অবস্থিত। বৃহস্পতিবার রাত ১০টার দিকে পথচারীরা প্রাচীর ও ভল্ট ঘরের মাঝের ফাঁকা জায়গা থেকে খোঁড়াখুঁড়ির শব্দ পায়। তারা বিষয়টি পার্শ্ববর্তী এলাকায় টহলরত পুলিশকে জানায়।

পুলিশ সেখানে উপস্থিত হলে সুড়ঙ্গ খুঁড়তে থাকা লোকজন যন্ত্রপাতি ফেলে পালিয়ে যায়।

রাজপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, রাস্তা দিয়ে হেঁটে যাওয়া পথচারীরা বিষয়টি বুঝতে পেরে পুলিশকে সংবাদ দেয়। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ঘরের বাইরের দেয়ালে ২ ফুট পর্যন্ত খুঁড়তে পারে।

আগামী শুক্রবার ও শনিবার দুদিন সরকারি ছুটি আছে। সেই চিন্তা করেই এ ঘটনার সঙ্গে জড়িতরা বৃহস্পতিবার থেকেই কাজ শুরু করেছিল। এ ঘটনা কেউ দেখতে না পেলে রোববার ব্যাংক খোলার দিনের আগেই ভল্ট ঘর পর্যন্ত জড়িতরা পৌঁছে যেতে পারত বলে পুলিশ ধারণা করছে।

ঘটনা জানাজানির পর সেখানে উপস্থিত হন রাজশাহী মহানগর পুলিশের উপকমিশনার (সদর) তানভির হায়দার চৌধুরীসহ ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

ইআর