গাজীপুরের কালিয়াকৈর থেকে মঙ্গলবার সকালে কারখানা ম্যানেজারসহ দুই ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
কালিয়াকৈরের সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনের লেক থেকে কারখানা ম্যানেজারের লাশ এবং অপর অজ্ঞাত লাশটি উপজেলার কালামপুর এলাকার একটি ধানখেত থেকে উদ্ধার করা হয়।
এলাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনের লেকের পানি থেকে হাত-পা-মুখ বাঁধা অবস্থায় উদ্ধার করা হয় কারখানা ম্যানেজারের লাশ।
তার নাম মাসুম মিয়া (৩৫) । তিনি কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকার ডিভাইন ফ্যাব্রিক্সের অলওভার প্রিন্ট শাখার ম্যানেজার ছিলেন।
তিনি গাজীপুর সিটি করপোরেশনের পশ্চিম জয়দেবপুর এলাকার মনিরুজ্জামানের বাড়িতে ভাড়া থাকতেন।
গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে নিহতের ভাই ডা. সোহেল লাশ সনাক্ত করেন।
ডা. সোহেল জানান, সোমবার রাত সাড়ে ১০টার দিকে কারখানা থেকে বের হয়ে ভাড়া বাড়ির উদ্দেশে যাবার পথে নিখোঁজ হয় সে। তাদের গ্রামের বাড়ি দিনাজপুর সদরের মুন্সিপাড়া এলাকায়।
কালিয়াকৈর থানার এস আই সারোয়ার জাহান জানান, সকালে সফিপুর আনসার ভিডিপি একাডেমির সামনের লেকের পানিতে লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের হাত-পা-মুখ বাঁধা এবং শরীরের বিভিন্নস্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
এদিকে কালামপুর এলাকা থেকে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতের পরনে জিন্সের প্যান্ট ও লাল আকাশী রঙ্গের চেক গেঞ্জি রয়েছে।
কালিয়াকৈর থানার এসআই চন্দন কুমার চক্রবর্তী জানান, সকালে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়। নিহতের পিঠে আঘাতের চিহ্ন রয়েছে।
দুর্বৃত্তরা তাকে হত্যা করে লাশ ওই স্থানে ফেলে গেছে বলে ওই পুলিশ কর্মকর্তার ধারণা। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজ উদ্দিন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
এমকে





