রোজা ও ঈদুল ফিতর উপলক্ষে এবার রাজশাহী জেলায় ১ লাখ ৪৪ হাজার ৭০৬ জন অসহায় ও দুস্থ ব্যক্তি বিশেষ সহায়তার (ভিজিএফ) চাল পাচ্ছেন।

রাজশাহী জেলার ৯ উপজেলা ও চৌদ্দ পৌরসভায় ঈদের আগেই এ খাতে প্রায় ১ হাজার ৪৪৭ মেট্রিকটন চাল বিরতণ করা হবে। ইতোমধ্যেই সুবিধাভোগীদের মাঝে চাল বিতরণ শুরু হয়েছে বলে রাজশাহী জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয় নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, রোজা ও আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে এবার জেলার নয় উপজেলায় ১ লাখ ৪ হাজার ৬৫৭ জন সুবিধাভোগী ভিজিএফ চাল পাচ্ছেন। আর চৌদ্দ পৌরসভায় এর সংখ্যা ৪০ হাজার ৪৯ জন। প্রত্যেককে ১০ কেজি করে বিতরণ করা হচ্ছে জেলায় প্রায় ১ হাজার ৪৬ মেট্রিকটন এবং পৌর এলাকায় প্রায় ৪০০ মেট্রিকটন চাল।

সূত্র জানায়, গত গত মাসে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ে সুবিধাভোগীদের তালিকা তৈরী শুরু হয়। ওই তালিকা অনুসারে দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয় গত ২৪ জুন চাল বরাদ্দ দেয়। ওই দিনই তা সংশ্লিষ্ট উপজেলা ও পৌরসভায় বরাদ্দ দেয়া হয়েছে।

এদিকেবুধবার পর্যন্ত জেলার মোহনপুর উপজেলায় ভিজিএফ চাল বিতরণ শেষ হয়েছে। অন্যগুলোতে বিতরণ চলছে। জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা একেএম মুজিবুর রহমান জানান, ঈদুল ফিতরের আগেই সব উপজেলা ও পৌরসভায় চাল বিতরণ সম্পন্ন করা হবে।

তিনি জানান, বরাদ্দ পাবার আগেই সংশ্লিষ্ট ইউনিয়নগুলো দুস্থদের তালিকা তৈরী করেছে। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা তা অনুমোদন করেছেন। এছাড়া প্রতিটি উপজেলায় উপজেলা নির্বাহী কর্মকর্তা এ চাল বিতরণ তদারকি করছেন। চাল বিতরণে অভিযোগ এলে দ্রুত ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।

ঢাকা, ১০ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর