প্রায় দুই লাখ টাকার জাল নোটসহ পাঁচজনকে আটক করেছে রাজশাহী মহানগর গোয়েন্দা পুলিশ। রোববার রাত সাড়ে ১১টার দিকে মহানগরীর ছোটবনগ্রাম উত্তরপাড়ার একটি বাড়ি থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- এনামুল হক (৩৫), রাজ্জাক আলী (৩২), জামাল (৩০), সাত্তার (৩২) ও সবুজ (৩০)। এদের মধ্যে একজনের বাড়ি গোদাগাড়ী উপজেলায় হলেও অন্যদের ঠিকানা জানা যায়নি।

মহানগর গোয়েন্দা শাখা পুলিশের পরিদর্শক নূর হোসেন জানিয়েছেন, ওই পাঁচজন এক লাখ ৮৩ হাজার টাকার জাল নোট নিয়ে ছোটবনগ্রাম উত্তরপাড়া এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন।

পরে গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে।এ সময় তাদের কাছ থেকে জাল নোটগুলো উদ্ধার করা হয়।

বর্তমানে তাদের ডিবি কার্যালয়ে রেখে জিজ্ঞাসাবাদ চলছে। পরে তাদের থানায় সোপর্দ করা হবে বলে জানান তিনি।

ঢাকা, ১৪ জুলাই (টাইমনিউজবিডি.কম) // এআর // জেআই