নওগাঁ শহরের বাইপাস সড়কে চাঁদা তুলতে গিয়ে ট্রাফিক পুলিশের সহযোগী শাহজাহান আলী ট্রাকের চাপায় নিহত হয়েছেন।

সোমবার দুপুর ১ টার দিকে বাইপাস সড়কের সদর উপজলার বোয়ালিয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটেছে। শাহাজান আলী উপজেলার ভরিয়াপাড়া গ্রামের ওমর আলীর ছেলে।

স্থানীয়রা জানান, শাহজাহান আলী ১২-১৫ বছর ট্রাফিক পুলিশের সহযোগী হিসেব চাঁদা আদায়ের কাজ করতেন। বাইপাস সড়ক প্রতিদিন ভোর থেকে সন্ধ্যা পর্যন্ত ট্রাক , ভটভটি, ট্রাক্টর থামিয়ে ট্রাফিক পুলিশের উপস্থিতে ও সহযোগিতায় চাঁদা আদায় করতেন। চাঁদা আদায়ের টাকা থেকে ট্রাফিক পুলিশের কাছ থেকে কমিশন পেয়ে শাহজাহান সংসারের খরচ চালাতেন।

সূত্র আরো জানায়, দুপুর ১ টার দিকে বগুড়া থেকে ছেড়ে আসা একটি মাল বোঝাই ট্রাক বাইপাস সড়কে থামাতে গিয়ে ওই ট্রাকের চাকায় পৃষ্ট হন শাহজাহান। ঘটনার পর সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘাতক ট্রাকটি পালিয়ে যেতে সক্ষম হয়।

এ ব্যাপারে ট্রাফিক পুলিশের ওসি আবু নাহিদ পারভেজ চৌধুরী জানান, শাহজাহান আলী দীর্ঘ দিন থেকে পুলিশকে সহযোগিতা করে আসছিলেন। তবে ঘটনার সময় কি ভাবে মারা গেছেন তা জানা নেই। ওই সময় কোন পুলিশ সার্জন ছিলেন এমন প্রশ্নে নাহিদ কোন উত্তর দেননি।

নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম জানান, দুর্ঘটনার সংবাদ পেয়ে শাহজাহানকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতাল নিয়ে আসা হয়েছে। তবে শাহজাহান আলীর পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোন অভিযাগ করা হয়নি। তবে লাশ ময়নাতদন্ত ছাড়াই তার পরিবারের কাছে হস্তান্তর প্রক্রিয়া চলছ।

পুলিশ সুপার মোজাম্মেল হক বিপিএম, পিপিএম জানান, ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় ব্যাবস্থা গ্রহণ করা হবে।

এমআইএস