রাজশাহীর দুর্গাপুর উপজেলার দাউকান্দি কলেজে অধ্যক্ষ মোজাম্মেল হকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা। এ সময় তার কাছ থেকে ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে এ হামলা চালানো হয়।

ঘটনার সঙ্গে জড়িত থাকায় ফজলু নামে এক যুবককে গ্রেফতার করেছে দুর্গাপুর থানা পুলিশ।

অধ্যক্ষ মোজাম্মেল হক জানান, বুধবার দুপুরে উপজেলার পারিলা গ্রামের জহির উদ্দিনের ছেলে নুরু ও মজিবর রহমানের ছেলে ফজলু অজ্ঞাত কিছু লোকজন নিয়ে তার অফিসে ঢুকে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে। চাঁদা দিতে অপারগতা প্রকাশ করায় তারা অশ্লীল ভাষায় গালিগালাজ করে প্রাণনাশের হুমকি দিয়ে চলে যায়।

তিনি বলেন, বৃহস্পতিবার দুপুরে কলেজ থেকে ফেরার পথে পারিলা পাকুর মোড় নামক স্থানে পৌঁছালে নুরু, ফজলু, হাফিজ ও আশরাফসহ অজ্ঞাত কিছু ব্যক্তি তার ওপর হামলা চালায় এবং মারপিট করে। এ সময় তার কাছে থাকা ৯২ হাজার টাকা ছিনিয়ে নেয়।

দুর্গাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) পরিমল কুমার চক্রবর্তী জানান, এ ঘটনায় অধ্যক্ষ বাদী হয়ে মামলা করেছেন। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে আসামি ফজলুকে গ্রেফতার করা হয়েছে।

ঢাকা, ৪ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, জেএ