ময়মনসিংহে বাংলাদেশ-ভারতের সীমান্তবর্তী ক্লাস্টার ৮ এর আওতায় বাংলাদেশের ৭টি জেলা ও ভারতের ৭টি জেলার সীমান্তবর্তী ১০টি ইস্যুতে জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেটদের নিয়ে দুই দিনব্যাপী সীমান্ত সম্মেলন শুরু হয়েছে।
বুধবার সকাল ৯টায় ময়মনসিংহ শহরের একটি অভিজাত হোটেলের হল রুমে এ সম্মেলন শুরু হয়।
সম্মেলনে ভারতের ৩২ সদস্যের একটি প্রতিনিধিদল এবং বাংলাদেশের পক্ষে ৩০ সদস্যের প্রতিনিধিদল অংশ নিয়েছেন। দ্বি-পাক্ষিক সমঝোতা স্বাক্ষরের মধ্য দিয়ে আগামীকাল বৃহস্পতিবার সম্মেলন শেষ হবে।
বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করছেন ময়মনসিংহের জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী এবং ভারতের প্রতিনিধিত্ব করছেন শিলং জেলা ম্যাজিস্ট্রেট (ডিএম) পি এস দিখার।
জেলা প্রশাসক মুস্তাকীম বিল্লাহ ফারুকী জানান, দু’দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও সীমান্তের শান্তিপূর্ণ সহাবস্থান, মাদক ও চোরাচালান, অপরাধ, বন্দি প্রত্যাবর্তন, সীমান্ত পিলার সমস্যা, কাঁটাতারের বেড়া, দুদেশের মাঝে সংস্কৃতি ও ক্রীড়া বিনিময় সংক্রান্ত, ইমিগ্রেশন পয়েন্টসহ ১০টি বিষয়ে আলোচনায় স্থান পায়।
ময়মনসিংহ জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্মেলনে বাংলাদেশের ময়মনসিংহ, জামালপুর, কুড়িগ্রাম, শেরপুর, নেত্রকোনা, সুনামগঞ্জ ও সিলেট জেলা এবং ভারতের ইস্ট খাসি হিলস শিলং, সাউথ ওয়েস্ট খাসি হিলস, সাউথ গারো হিলস বাঘমারা, ওয়েস্ট গারো হিলস তুরা, ইস্ট জয়ন্তিয়া হিলস, ওয়েস্ট জয়ন্তিয়া হিলস জুয়াই ও সাউথ ওয়েস্ট গারো হিলস আমপাতি জেলার জেলা প্রশাসক, জেলা ম্যাজিস্ট্রেট, পুলিশ সুপার, বিজিবি, বিএসএফ, রাজস্ব কর্মকর্তা, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ কর্মকর্তারা সম্মেলনে অংশ নিয়েছেন।
এসএইচ





