নাটোর জেলা বিএনপির নেতা ব্যবসায়ী আব্দুস সালামকে গুলি এবং ছাত্রদল নেতা সরফরাজ ইসলাম ডলারকে কুপিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে।

জানা যায়, গুলিবিদ্ধ আব্দুস সালাম নাটোর জেলা বিএনপির সদস্য এবং নাটোর চেম্বারের নির্বাহী কমিটির সদস্য। ঘটনার পরপরই পুলিশ অভিযুক্ত হামলাকারী সাজ্জাদের বাড়ি থেকে তার বাবা সাগর মন্ডলকে আটক করেছে।

হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন অবস্থায় আহত আব্দুস সালাম সাংবাদিকদের বলেন, দুপুর একটার দিকে মোটর সাইকেল চালিয়ে শহরের মল্লিকহাটির নিজ বাড়ি থেকে নিচাবাজারে যাচ্ছিলাম। নাটোর আধুনিক সদর হাসপাতালের সামনে এলে প্রতিবেশী সাগর মন্ডলের ছেলে রাব্বি মন্ডল সাজ্জাদ এক সহযোগীসহ গতিরোধ করে আমার বাম পায়ে গুলি করে। স্থানীয় লোকজন গুলিবিদ্ধ অবস্থায় আমাকে উদ্ধার করে নাটোর আধুনিক সদর হাসপাতালে নিয়ে আসে।

নাটোর আধুনিক সদর হাসপাতালের আবাসিক মেডিকেল কলেজ অফিসার আবুল কালাম আজাদ তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পরার্মশ দিয়েছেন।

অপরদিকে ছাত্রদল নেতা সরফরাজ ইসলাম ডলারকে শহরের স্টেশনবাজারে কুপিয়ে জখম করেছে স্থানীয় যুবলীগ সমর্থিত সন্ত্রাসীরা।

এদিকে নাটোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও নাটোর চেম্বার অব কমার্সের সভাপতি মো. আমিনুল হক প্রকাশ্যে যারা আব্দুস সালামকে গুলি করেছে তাদের গ্রেফতার ও শাস্তির দাবি জানান।

নাটোর থানার অফিসার ইন চার্জ (ওসি) মিজানুর রহমান মিজান জানান, এ ঘটনায় আটক সাজ্জাদের বাবা সাগর মন্ডলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

কেএইচ