রাজধানীতে র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ হাজারীবাগ থানা ছাত্রলীগের সভাপতি আরজু মিয়া (২৮) নিহত হয়েছেন। তিনি মোবাইল চুরির অভিযোগে কিশোর রাজাকে (১৭) পিটিয়ে হত্যার ঘটনার প্রধান অভিযুক্ত ছিলেন। সোমবার দিবাগত রাত সাড়ে ৩টার দিকে র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-২-এর সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে।
নিহত আরজু মিয়া হাজারীবাগ গণকতুলি এলাকার ৪৫/১/এ নম্বর বাসার লাল মিয়ার ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন হাজারীবাগ থানার ডিউটি অফিসার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম।
র্যাব-২-এর এএসপি ফেরদৌসী রহমান জানান, রাতে আরজুকে আটক করতে হাজারীবাগে অভিযান চালানো হয়। র্যাবের উপস্থিতি বুঝতে পেরে আরজু গুলি ছোড়েন। আত্মরক্ষার্থে র্যাব সদস্যরাও পাল্টা গুলি করেন।
এতে গুলিবিদ্ধ হন তিনি। র্যাব সদস্যরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আরজুকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য ঢামেক মর্গে রাখা হয়েছে।
রোববার রাতে আরজুর বাসা থেকে মোবাইল ফোন ও ল্যাপটপ চুরি হয়। সেই চুরির জন্য আরজু সোমবার সকালে রাজাকে তার বাসায় ডেকে নিয়ে মারধর করে হত্যা করা হয় বলে রাজার স্বজনদের অভিযোগ।
রাজার বোন রেশমা বেগম রাতে আরজুকে প্রধান আসামি করে ১৩ জনের বিরুদ্ধে হাজারীবাগ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
রাজার ফুপু রত্না বেগম জানান, রাজা তার বাবা বাবুল মিয়ার সঙ্গে গণকটুলি এলাকার ৪৬ নম্বর বাসায় থাকতেন। তাদের বাসার পাশেই ছাত্রলীগ সভাপতি আরজুদের বাসা।
সকালে আরজুর বাসা থেকে তার একটি মোবাইল খোয়া যায়। এ ঘটনায় সন্দেহ করে আরজু কিশোর রাজাকে ধরে তার বাসায় নিয়ে যায়। এর পর বাসার গেট বন্ধ করে তাকে বেদম মারধর করে। বিকেল ৪টার দিকে রাজাকে অচেতন অবস্থায় বাসায় দিয়ে যায়।
রাজার পরিবারের সদস্যরা তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে এলে বিকেল ৫টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাজারীবাগ থানার উপ-পরিদর্শ (এসআই) ওয়ালিদ মাহমুদ জানান, এই হত্যার ঘটনায় ওইদিন পুলিশ তিনজনকে আটক করে। আটকরা হলেন- মনির (৩৫), সাগর (২২) ও সুজন (২৫)। তবে আরজুকে গ্রেফতার করা হয়নি। পরদিন সকালে ‘বন্দুক যুদ্ধে’ তিনি নিহত হন। আটক ওই তিনজন রাজাকে পিটিয়ে হত্যার প্রধান অভিযুক্ত ছাত্রলীগ সভাপতি আরজুর সঙ্গে চলাফেরা করতো বলে জানান তিনি।
আরজুর বাসা গণকটুলী লেনের ৪৫/১-এর এ তে। বাবা মৃত লাল মিয়া। তবে রাজা কামরাঙ্গীরচরে বোন রেশমার বাসায়ই বেশির ভাগ সময় থাকত।
এএইচ





