কেরানীগঞ্জের প্লাস্টিক কারখানার অগ্নিকাণ্ডের ঘটনায় আসাদ (১৪) নামে আরও একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে নিহতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৪-তে।
শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় আজ শনিবার (১৪ ডিসেম্বর) তার মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার ভোর থেকে সকাল পর্যন্ত ৯ জনের মৃত্যু হয়।
নিহতরা হলেন- আসাদ, ইমরান, ফয়সাল, রায়হান, বাবলু, সালাউদ্দীন, খালেদ, সুজন, জিনারুল, আলম, জাহাঙ্গীর। এরা হাসপাতালে মারা গেছেন। অগ্নিকাণ্ডের ঘটনাস্থল থেকে মাহবুব নামে একজনের লাশ আসে।
বিষয়টি নিশ্চিত করে শেখ হাসিনা বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক সার্জন (আরএস) ডা. পার্থ শঙ্কর বলেন, আসাদের শরীরের ৫৫ ভাগই পুড়ে গিয়েছিল।
বুধবার বিকেলে কেরানীগঞ্জের চুনকুটিয়া এলাকায় অবস্থিত ‘প্রাইম পেট অ্যান্ড প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড’র প্লাস্টিক কারখানায় আগুন লাগে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ থেকে আগুনের সূত্রপাত হয়েছে। এতে এখন পর্যন্ত ১৪ জনের প্রাণহানি হয়েছে। এছাড়া আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন আরও অন্তত ১৬ জন।
এমএম





