বেতন-ভাতা না দিয়েই পোশাক কারখানা বন্ধ ঘোষণার প্রতিবাদে টঙ্গীতে ভাঙচুর চালিয়েছে শ্রমিক-কর্মচারীরা।
সোমবার সকাল ৮টার দিকে এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে।
বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, কোনো কারণ না দেখিয়েই সোমবার সকালে কারখানা বন্ধ করে দেয়া হয়। খবর পেয়ে বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানা গেইটে জড়ো হয়ে বকেয়া বেতন-ভাতার দাবিতে বিক্ষোভ করতে থাকে।
তবে কারখানার ভেতরে থাকা মালিক পক্ষের প্রতিনিধিরা বেতন-ভাতার বিষয়ে এসময় শ্রমিক-কর্মচারীদের কোনও সদুত্তর দিতে পারেননি। এ অবস্থায় বিক্ষুব্ধ শ্রমিকরা কারখানায় ভাঙচুর চালায় ও ইট-পাটকেল ছুড়তে থাকে। এসময় সড়কে যান চলাচলও সাময়িকভাবে বন্ধ হয়ে যায়।
খবর পেয়ে টঙ্গী থানা পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
টঙ্গী থানার ওসি ফিরোজ তালুকদার জানান, বিক্ষুব্ধ শ্রমিক ও মালিক পক্ষের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। মালিকপক্ষের প্রতিনিধিরা আশ্বাস দিয়েছেন ১০ তারিখের মধ্যেই বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে।
এমবি





