কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে দু’দল চোরাকারবারীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ অন্তত পাঁচজন আহত হয়েছেন।
বুধবার (৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার প্রাগপুর ইউনিয়নের পাকুড়িয়া শকুনতলা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মাদকের টাকা ভাগাভাগি নিয়ে একই গ্রামের মাদক ব্যবসায়ী আজম ও সুজনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে উভয়পক্ষের ১৫/১৬ জন সশস্ত্র চোরাকারবারীর মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া, ইট পাটকেল নিক্ষেপ ও দু’পক্ষের মধ্যে গুলি বিনিময়ের ঘটনা ঘটে।
এসময় মাদক ব্যবসায়ী আজমের ছোড়া গুলিতে অপর মাদক ব্যবসায়ী লাবু (২৮) বাম পায়ে গুলিবিদ্ধ হন। এছাড়াও সংঘর্ষে আনার ও মিনারসহ পাঁচজন আহত হন। পরে তারা স্থানীয়ভাবে চিকিৎসা নেন।
গুলিবিদ্ধ মাদক ব্যবসায়ী লাবুকে প্রথমে শামীম রেজা নামে স্থানীয় এক গ্রাম্য ডাক্তারের কাছে প্রাথমিক চিকিৎসা দিয়ে পরে হাসপাতালে ভর্তি করা হয়। সংঘর্ষ ও গুলির খবর পেয়ে স্থানীয় বিজিবি ক্যম্পের জোয়ানরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে।
বর্তমানে এলাকায় উত্তেজনা বিরাজ করলেও পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন দৌলতপুর থানার ওসি (তদন্ত) আসাদুজ্জামান চাকলাদার।
এসটি





