যশোরের বেনাপোল সীমান্ত থেকে ৭১ বোতল ভারতীয় ফেনসিডিলসহ ইমরান হোসেন (১৫) নামে এক কিশোরকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
বুধবার (০৫ আগস্ট) রাত ৮টার দিকে সীমান্তবর্তী বেনাপোল আইসিপি ক্যাম্পের পেছনের রেল লাইন বিজিবি পোস্ট থেকে তাকে আটক হয়।
আটক ইমরান বরিশাল জেলার মুড়লী থানাধীন বান্দরহাট গ্রামের আয়নাল মিয়ার ছেলে।
বিজিবি জানায়, ভারত থেকে ওই কিশোর একটি বস্তা মাথায় নিয়ে সীমান্ত পার হয়ে বাংলাদেশে ঢোকার চেষ্টা করছিল। এ সময় বিজিবি সদস্যরা তাকে ধাওয়া করে আটক করে। পরে, তার সঙ্গে থাকা বস্তার মধ্য থেকে ৭১ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
আটক কিশোর জানায়, ভারতের পেট্রাপোল থেকে বেনাপোল সীমান্তে পৌঁছে দেওয়ার জন্য এক ব্যক্তি তাকে তিনশ টাকা দেওয়ার কথা বলে বস্তাটি মাথায় তুলে দেয়।
২৬ বিজিবি ব্যাটালিয়ন বেনাপোল আইসিপি ক্যাম্পের নায়েব সুবেদার আব্দুর রহিম বিষয়টি প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
তিনি বলেন, আটক কিশোরের বিরুদ্ধে অভিযোগ দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।
এমকে





