গোপালগঞ্জ সরকারী বঙ্গবন্ধু কলেজের তিন শিক্ষার্থীকে গ্রেফতারের প্রতিবাদে ও পুলিশের এস আইকে অবসারনের দাবীতে গোপালগঞ্জ-টুঙ্গিপাড়া সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে ওই কলেজের শিক্ষার্থীরা। গেফতার হওয়া তিন শিক্ষার্থী হলো, হাসিব , মাহাবুর বিশ্বাস ও জিদান শেখ। এরা সবাই দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থী।
বুধবার সকাল সাড়ে ১০ টায় কলেজের সামনে বঙ্গবন্ধু সড়কে বেরিকেড সৃষ্টি করে টায়ারে আগুন লাগিয়ে প্রায় দুই ঘন্টা সড়ক অবরোধ, বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এসময় সড়কের দু'পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। যাত্রীদের পোহাতে হয় দূর্ভোগ।
ঘটনাস্থলে পুলিশ উপস্থিত হলে শিক্ষার্থীরা তাদের লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়ে। পুলিশ দৌড়ে নিরাপদ স্থানে চলে যায়। এসময় বৃষ্টি শুরু হলে শিক্ষার্থীদের আন্দোলন বন্ধ হয়ে যায়। যে যার মতো ঘটনাস্থল ত্যাগ করে।
বিক্ষোভ চলাকালে সমাবেশে বক্তব্য রাখেন, ওই কলেজের শিক্ষার্থী শাহনেয়াজ খান শামীম, মোঃ আতাউর রহমান পিয়াল, সামিউল হক তনু, শেখ জামিল আহম্মেদ প্রমূখ।
বক্তারা বলেন, এই তিন ছাত্রকে বিনা অপরাধে গ্রেফতার করে জেলে পাঠিয়েছে পুলিশ। একটি পক্ষের হয়ে এস আই আক্তারুজ্জামান লিটন এদের গ্রেফতারের পর মারপিটও করে। আমরা এদের মুক্তি চাই এবং অবিলম্বে এই পুলিশ কর্মকর্তার অপসারনের দাবী জানাচ্ছি।
এস আই আক্তরুজ্জামান লিটন বলেন, আমি এই আসামীদের গ্রেফতারের বিষয়ে কিছুই জানিনা। এদের অন্য অফিসার ধরেছে। গত ৩ জুলাই আমি একটি রেজিষ্টেশন বিহীন মটরসাইকেল আটক করি। ছাত্রলীগের এক নেতা আমাকে সাইকেলটি ছেড়ে দিতে বলে। সেটি না ছাড়ায় আমার বিরুদ্ধে এই অভিযোগ আনা হয়েছে।
গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাকির হোসেন মোল্লা জানিয়েছেন,অভিযোগের ভিত্তিতে গতকাল মঙ্গলবার তিন যুবককে পুকুরিয়া গ্রাম থেকে ২টি চাপাতিসহ পুলিশ আটক করে। এরা ওই গ্রামের আলামিন নামে এক ব্যক্তিকে এই চাপাতি দিয়ে আক্রমণ করতে গিয়েছে এমন অভিযোগ ছিল। গ্রেফতারকৃতদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠিয়ে দিয়েছে । এরা ছাত্র কিনা আমাদের জানা নেই।
ঢাকা, ১৬ জুলাই (টাইমনিউজবিডি.কম) // জেআই





