দিনাজপুরের বোচাগঞ্জে পুলিশের পিকআপভ্যান গাছের সাথে ধাক্কায় আব্দুল লতিফ নামে এক পুলিশ কনস্টেলবল নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরো চার পুলিশ সদস্য।

রবিবার রাত আড়াইটার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আব্দুল লতিফ গাইবান্ধা জেলা সদরের বল্লামজার গ্রামের বাসিন্দা। আহতরা হলেন- এএসআই রেজাউর রহমান, কনস্টেবল আব্দুল গাফ্ফার, কনস্টেবল বেলাল হোসেন, পুলিশভ্যানের চালক কনস্টেবল সোহেল রানা।

বোচাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাত আনুমানিক আড়াইটার দিকে পুলিশভ্যান নিয়ে নিয়মিত টহল দিচ্ছিলেন ওই পুলিশ সদস্যরা। এ সময় তাদের টহলভ্যান হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে সজোরে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলে পুলিশ কনস্টেবল আব্দুল লতিফ নিহত হন।

এ দুর্ঘটনায় আরো চার পুলিশ সদস্য আহত হন। আহতদের উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
এমই