দেশব্যাপী হরতালের পর এবার নতুন কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলামের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী। আগামীকাল (২৯ মার্চ) সোমবার দোয়া ও শুক্রবার (০২ এপ্রিল) সারা দেশে বিক্ষোভ করবে সংগঠনটি।

রোববার (২৮ মার্চ) রাজধানীল পল্টনে এক সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব আল্লামা নুরুল ইসলাম জেহাদী।

তিনি বলেন, হেফাজতে ইসলাম মোদির আগমন প্রত্যাহার করার জন্য কর্মসূচি দিয়েছিল। কিন্তু মোদির আগমনের দিন হেফাজতের কোনো কর্মসূচি ছিল না।

আল্লামা নুরুল ইসলাম জেহাদী আরও বলেন, হেলমেট বাহিনী দ্বীনের শত্রু, ইসলামের শত্রু। তারা কেউ হেফাজতের নয়। যারা কালেমা জানে বিশ্বাস করে তারা অন্তত বিজেপিকে ভালবাসতে পারে না।

এছাড়া কিছু দাবি তুলেছে হেফাজতে ইসলাম। সেগুলো হলো-

সারাদেশে বিভিন্ন স্থানে হেফাজত কর্মীদের ওপর হামলাকারী দোষীদের খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

আহত ব্যক্তিদের সুচিকিৎসা নিশ্চিত করতে হবে এবং নিহতদের পরিবারকে ক্ষতিপূরণ দিতে হবে।

সারা দেশে হেফাজতকর্মী যাদের আটক করা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে হবে।

উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন অনুষ্ঠানে যোগ দিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফরের প্রতিবাদে বিক্ষোভে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম, হাটহাজারীসহ বিভিন্ন স্থানে পুলিশের সঙ্গে সংঘর্ষে সংগঠনের নেতাকর্মীদের হতাহতের ঘটনায় শনিবার (২৭ মার্চ) দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি এবং রোববার (২৮ মার্চ) হরতাল ডাকে হেফাজতে ইসলাম।

এমবি