রাজশাহী মহানগরের লোকনাথ স্কুলের পাশে শনিবার সকালে ছাত্রশিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

শনিবার রাতে এ মামলা হয় বলে জানা যায়।

বোয়ালিয়া থানার অফিসার ইন চার্জ(ওসি) আবদুস সোবহান বলেন, রাত ১১টায় বোয়ালিয়া থানায় মহানগর জামায়াত ও শিবিরের শীর্ষ স্থানীয় নেতা-কর্মীদের নাম উল্লেখ করে ১৫০ থেকে ১৬০ নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়।

ওসি জানান, উপ-পরিদর্শক (এসআই) আলমগীর হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার অভিযোগে মামলাটি দায়ের করা হয়। সকালে ঘটনাস্থল থেকে আটক পাঁচজনের মধ্যে চারজনকে এ মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।

অপরজনকে জিজ্ঞাসাবাদ শেষে থানা থেকে ছেড়ে দেওয়া হয়েছে বলেও জানান ওসি।

এর আগে সকাল সাড়ে ৮টার দিকে রাজশাহী শহরের রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় হামলায় দুই পুলিশসহ কমপক্ষে ১০ জন আহত হন।

দেলাওয়ার হোসাইন সাঈদীর রায়ের প্রতিবাদে বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে মহানগরে মিছিল বের করে জামায়াত। বিক্ষোভ মিছিলটি রাজারহাতা লোকনাথ স্কুলের সামনে গিয়ে শেষ হয়।

সেখানে সমাবেশ করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় সমাবেশ থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে সংঘর্ষ বেঁধে যায়। শিবিরকর্মীরা পুলিশকে লক্ষ্য করে ককটেলেরও বিস্ফোরণ ঘটনায়। পরে পুলিশ তাদের ছাত্রভঙ্গ করে শর্টগানের গুলি ও টিয়ারশেল নিক্ষেপ করে।

ঢাকা, ২১ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এসএইচ