বগুড়ায় আঞ্জু মিয়া (৩৫) নামের এক ট্রাক চালককে হত্যা করে আবুল খায়ের গ্রুপের একটি ট্রাক ছিনতাই করেছে দুর্বৃত্তরা। পরে সদর উপজেলার শাজাহানপুর থেকে ট্রাক ও হেলপারকে উদ্ধার করেছে শাজাহানপুর থানা পুলিশ। আটক করা হয় সোহাগ নামের সন্দেহভাজন এক ডাকাতকে।
বগুড়া-গাইবান্ধা মহাসড়কের গোকুল নামক স্থানে মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।
বগুড়া গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম জানান, চট্টগ্রাম থেকে আবুল খায়ের গ্রুপের রড বোঝাই একটি ট্রাক বগুড়া হয়ে গাইবান্ধার দিকে যাচ্ছিল। বগুড়া শহর পার হয়ে বগুড়া-গাইবান্ধার মহাসড়কে গোকুল নামক স্থানে গেলে একদল ডাকাত ট্রাকচালককে গাড়ি থেকে ফেলে দিয়ে গাড়ি উল্টো পথে ঘুরিয়ে নেয়। পরে শাজাহানপুরে ট্রাকটি পৌঁছুলে পুলিশ সোহাগ নামে এক ডাকাতকে আটক করে। ওই সময় ট্রাকসহ হেলপারকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করে।
এদিকে, ময়নাতদন্তের জন্য লাশটি বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
ইআর





