প্রাইভেটকারে করে ঢাকা থেকে চৌগাছায় নিজ বাড়িতে যাওয়ার সময় মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে গুরুতর আহত হন এক উপ সচিব।
বৃহস্পতিবার ভোরে সদরের সীতারামপুর এলাকায় ঢাকা-খুলনা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে বলে জানান সদর থানার এসআই মিলন।
আহত খালিদ আহমেদ (৪৫) ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে কর্মরত। তিনি যশোরের চৌগাছা উপজেলা সদরের শওকত হোসেনের ছেলে।
তার দুই পা ভেঙে গেছে এবং শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক জখম হয়েছে।
মাগুরা সদর হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানান হাসপাতালে জরুরি বিভাগে দায়িত্বরত ব্রাদার আব্দুল আজিজ।
এসআই মিলন বলেন, প্রাইভেটকারে করে ঢাকা থেকে চৌগাছায় নিজ বাড়িতে যাচ্ছিলেন খালিদ আহমেদ।পথে ভোররাতে সিতারামপুর এলাকায় তার গাড়িটি মহাসড়কের পাশে একটি গাছের সঙ্গে ধাক্কা খেলে তিনি গুরুতর আহত হন।
খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে মাগুরা সদর হাসপাতালে নিয়ে যায় বলে জানান এসআই মিলন।
এসএম





