কুষ্টিয়া জেলা পরিষদের প্রশাসক ও কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সদস্য জাহিদ হোসেন জাফরসহ ১৯ নেতাকর্মীকে আওয়ামী লীগ থেকে সাময়িক বহিষ্কার করা হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করে বহিষ্কারের ঘোষাণা দেন।
সংবাদ সম্মেলনে কুমারখালী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মান্নান খান লিখিত বক্তব্যে বলেন, দলীয় শৃঙ্খলা ভঙ্গ, দলীয় প্রতীক নৌকার বিরুদ্ধে ও বিদ্রোহী প্রার্থী হওয়া এবং নৌকার বিপক্ষে অবস্থান নেয়ায় তাদের বহিষ্কার করা হয়েছে।
পরবর্তী সিদ্ধান্ত না নেয়া পর্যন্ত তাদের সাময়িক বহিষ্কার করা হলো। এ সময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জাহিদ হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক নব কুমার দত্ত, পৌর আওয়ামী লীগের সভাপতি আবদুর রাজ্জাকসহ আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিষয়ে জেলা পরিষদের প্রশাসক জাহিদ হোসেন জাফর বলেন, বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করার অভিযোগ উদ্দেশ্যমূলক। কেউ তার প্রমাণ দেখাতে পারবে না। তাছাড়া এ ধরনের বহিষ্কার গঠনতন্ত্র বিরোধী।
এআই





