রাজশাহী মহানগরীর মতিহার থানার বাখরাবাদ এলাকায় অভিযান চালিয়ে বুধবার হেরোইন ও ইয়াবাসহ তিনজনকে আটক করেছেন র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫ এর সদস্যরা।

র‌্যাব-৫ এর সিনিয়র এএসপি ড. মীর্জা গোলাম সারোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বেলা সাড়ে ১১টার দিকে মহানগরীর মতিহার থানার বাখরাবাদ এলাকা থেকে ওই এলাকার মোস্তাকিমের স্ত্রী জোসনা বেগম (৪৫), মেহের আলী (৪৫) ও মতিউর রহমান ওরফে মোহাম্মদ রনি (২০) নামের তিনজনকে আটক করা হয়।

এ সময় তাদের কাছ থেকে ৭ গ্রাম হেরোইন, ৬৪ পিস ইয়াবা ট্যাবলেট ও বেশকিছু নগদ টাকা উদ্ধার করা হয়।

মীর্জা গোলাম সারোয়ার জানান, জোসনা বেগম ওই এলাকার চিহ্নিত নারী মাদক ব্যবসায়ী। তিনি ভারত থেকে হেরোইন ও ইয়াবা ট্যাবলেট এনে তার নিজ বাড়িতেই রেখে ব্যবসা করেন।

তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানান তিনি।

ঢাকা, ২৩ জুলাই, টাইমনিউজবিডি.কম, এসএইচ