নড়াইলের লোহাগড়া পৌরসভার কচুবাড়িয়া ফুটবল মাঠে যাত্রার নামে অশ্লীল নৃত্য ও জুয়া খেলা বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন এলাকাবাসী।
পরে তারা উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি পেশ করেন।
কাশিপুর ইউনিয়নের ১৮ গ্রামের সাধারণ লোকজন রোববার সকাল ১১টার দিকে বিক্ষোভ মিছিল করেন। মিছিল শেষে লোহাগড়া উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের সামনে সমাবেশ করেন তারা।
লোহাগড়া থানার অফিসার ইন চার্জ (ওসি) সুভাষ বিশ্বাসের কাছেও স্মারকলিপি দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন- কাশিপুর ইউনিয়ন আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আর্জু, বাবু কাজী, নায়েব আলী, সেন্টু খান, কচি মোল্যা, সুলতান মাহমুদ বিপ্লব, শাহ আলম, শফিকুল আলম, কোবাদ খান ও ওয়ালিয়ার রহমান।
আওয়ামী লীগ নেতা আজিজুর রহমান আর্জু অভিযোগ করেন, জেএসসি ও সমাপনী পরীক্ষাকে সামনে রেখে এলাকার কতিপয় ব্যক্তি যাত্রাপালার নামে অশ্লীল নৃত্য ও জুয়ার আসর বসিয়েছেন। যার কারণে শিক্ষার্থী, শ্রমজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের নৈতিক অবক্ষয় ঘটছে।
এ ছাড়া এলাকায় চুরি, ডাকাতি, ছিনতাইসহ আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশংকা রয়েছে। অনৈতিক এসব কর্মকাণ্ড বন্ধে কাশিপুর ইউনিয়নের ১৮ গ্রামের সচেতন মহল ফুসে উঠেছেন।
ওসি সুভাস বিশ্বাস আরও জানান, যাত্রাগানের অনুমতি দিয়েছেন নড়াইল জেলা প্রশাসক। তিনি বন্ধের নির্দেশ দিলেই যাত্রা বন্ধ করে দেয়া হবে।
কেএইচ





