যুক্তরাষ্ট্রের তুলনায় বাংলাদেশের পুলিশ কম হত্যা করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রীর তথ্য যোগাযোগ ও প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বাংলাদেশের পুলিশি হত্যাকাণ্ড নিয়ে যুক্তরাষ্ট্রের এক প্রতিবেদন প্রকাশের পর নিজের ভেরিফাইড ফেসবুক পেজে শুক্রবার (১৫ এপ্রিল) এ মন্তব্য করেন জয়।
জয় লিখেছেন, এটা তাদের জন্য (স্ট্যাটাস) যারা মার্কিন মানবাধিকার সংস্থাকর্তৃক আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সমালোচনাকে অনেক বড় কিছু মনে করছেন।
‘এই হলো বাস্তবতা যে, ২০১৫ সালে মার্কিন পুলিশ তাদের দেশে ৯৮৬ জনকে গুলি করে হত্যা করেছে। এই তথ্যটি প্রকাশিত হয়েছে ওয়াশিংটন পোস্ট পত্রিকায়।’
জয় আরও লিখেছেন, যুক্তরাষ্ট্র নীতিগতভাবে নারী ও শিশুসহ অবৈধ অভিবাসীদের গ্রেফতার ও অনির্দিষ্টকালের জন্য আটক রাখাও সমর্থন করে। অবৈধ অভিবাসন হচ্ছে একটি দেওয়ানি লঙ্ঘন, এটি কোনো অপরাধমূলক কাজ নয়।
‘যুক্তরাষ্ট্র বিশ্বের একমাত্র দেশ যারা আনুষ্ঠানিকভাবে নির্যাতন অনুমোদন করেছে এবং অপহরণ ও নিপীড়নের মাধ্যমে বিশ্বের বিভিন্ন গোপন কারাগারগুলোতে মানুষদের আটক রেখেছে যাকে তারা বলে, ‘অসাধারণ পথদর্শন’।’
‘এদের অধিকাংশ হলো সন্দেহভাজন জঙ্গি, কিন্তু এদের মাঝে অনেকেই রয়েছেন যারা বিশ্বের বিভিন্ন দেশের নিরপরাধ নাগরিক, যাদের বছর খানেকের মাঝে বা তারও বেশি সময় পর ছাড়া হয়। এই সময়ের মাঝে তাদের পরিবার জানতে পারেন না যে তাদের অপহরণ করা হয়েছে।’
জয় লিখেছেন, যুক্তরাজ্যসহ বেশিরভাগ ইউরোপিয়ান দেশগুলো এই ‘অসাধারণ পথদর্শন’ কার্যক্রমের সাহায্যকারী। এসব ঘটেছে পূর্ববর্তী প্রশাসনের অধীনে এবং যুক্তরাষ্ট্রের সিনেট সম্প্রতি তদন্ত শেষে ঘোষণা করেছে যে এই কাজগুলো ছিলো অবৈধ। তথাপিও, যুক্তরাষ্ট্র নিজেদের লোকদের অপরাধমূলক কাজের তদন্তের বিষয়টি নাকচ করে এসেছে। কেউই কখনও এই বিষয়ে অভিযুক্ত হবেন না।’
‘তাই, যুক্তরাষ্ট্রের সাথে তুলনা করলে, আমাদের পুলিশ কম হত্যা করেছে এবং আমরা অপহরণ বা নির্যাতনকে কোনভাবেই অনুমোদন করি না।’
এমই





