ঈদের আগে ফের রাজশাহীতে দুই শিশুকে অপহরণ করা হয়েছে।

বৃহস্পতিবার রাতে মহানগরীর নিউ কলোনি এলাকা থেকে রিফাত (১৩) ও নাইম (১৩) নামের দুই শিশু নিখোঁজ হয়। এখন তাদেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। এ ঘটনায় বোয়ালিয়া থানায় একটি অভিযোগপত্র দায়ের করা হয়েছে।

নিউ কলোনি এলাকার বাসিন্দা ইমানের ছেলে রিফাত ও মেহেদী হাসানের ছেলে নাইম। রিফাত শিরোইল কলোনি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এবং নাইম মর্নিং সান স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।

নিখোঁজ রিফাতের বাবা ইমান জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে হঠাৎ করে রিফাত ও নাইমকে খুঁজে পাওয়া যাচ্ছে না। পরে আশেপাশের অনেক এলাকা, আত্মীয়-স্বজনদের বাড়ি খোঁজ করা হয়। কিন্তু কোথাও তাদেরকে পাওয়া যায়নি। এ ঘটনায় তিনি ও তার পরিবার বেশ উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

স্থানীয় কয়েকজন লোকের বরাত দিয়ে নিখোঁজ নাইমের বাবা মেহেদী হাসান জানান, বৃহস্পতিবার রাত ১১টার দিকে স্কুল ব্যাগ ঘাড়ে করে রিফাত ও নাইমকে কয়েকজন স্টেশন এলাকায় ঘুরতে দেখেছেন। কোনো কারণ ছাড়াই শিশু দু'টি বাড়ি থেকে চলে যাওয়ায় সবার মনে আশঙ্কা দেখা দিয়েছে।

পরিবারের লোকজনের আশংকা শিশু দু'টি পাচারকারীর খপ্পড়ে পড়তে পারে।

এই ব্যাপারে মহানগরীর বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম আবদুস সোবহান জানান, দুই শিশু নিখোঁজের ঘটনায় থানায় অভিযোগ দাখিল হয়েছে। পুলিশ তাদের উদ্ধারের চেষ্টা করছে।

উল্লেখ্য, এর আগেও রাজশাহীতে শিশু অপহরণের ঘটনা ঘটেছে। গত ১৭ জুলাই হুমায়রা খাতুন ও তানজিলা খাতুন নামে দুই শিশু রহস্যজনকভাবে নিখোঁজ হয়। এখনও তাদের খোঁজ মেলেনি।

ঢাকা, ২৫ জুলাই (টাইমনিউজবিডি.কম) //জেডআই