রাজশাহী মহানগর যুবদলের কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে ৭০ জন নেতা পদত্যাগ করেছেন। সোমবার রাতে নগরীর একটি কমিউনিটি সেন্টারে সংবাদ সম্মেলন করে পদত্যাগের ঘোষণা দেন সদ্য গঠিত কমিটির সহ-সভাপতি সাহানুর ইসলাম মিঠু।
সোমবার সন্ধ্যা ৬টার দিকে সদ্য গঠিত রাজশাহী মহানগর যুবদল কমিটি গঠন নিয়ে বিরোধের জের ধরে আলোচনায় বসেন নেতারা। প্রায় সাড়ে তিন ঘণ্টা বৈঠক শেষে রাত সাড়ে ৯টার দিকে সংবাদ সম্মেলনে নেতারা পদত্যাগের ঘোষণা দেন।
সংবাদ সম্মেলনে সদ্য ঘোষিত মহানগর যুবদলের সহ-সভাপতি সাহানুর ইসলাম মিঠু অভিযোগ করেন, ১৯ আগস্ট যুবদলের চার থানা কমিটির নেতা ও মহানগর যুবদলের আহবায়ক সিটি মেয়র মোহাম্মদ মোসাদ্দেক হোসেন বুলবুলের সঙ্গে পরামর্শ না করেই ১৬৯ সদস্যের কমিটি প্রকাশ করা হয়। যা অগণতান্ত্রিক। তাই ঘোষিত মহানগর যুবদল কমিটি প্রত্যাখ্যান করে ৭০ জন নেতা পদত্যাগ করেন।
এ সময় সদ্য ঘোষিত মহানগর যুবদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম সদর, রাশেদুল ইসলাম বাবু ও হুমায়ন, যুগ্ম-সম্পাদক আবুল কালাম আজাদ সুইট ও শাজাহান আলী, সহ-সাংগঠনিক সম্পাদক মুকুল শেখ, কোষাধ্যক্ষ জসিম, সাংস্কৃতিক বিসয়ক সম্পাদক সেলিম, সমবায় বিষয়ক সম্পাদক নাজির হোসেন, কর্মসংস্থাপন বিষয়ক সম্পাদক শেখ আবু জাফর টুটুল, সদস্য আব্দুর রহিম বাবুসহ ৭০ জন নেতা উপস্থিত ছিলেন।
ঢাকা,২৫ আগস্ট, টাইমনিউজবিডি.কম,জেডআই





