রাজশাহীর তানোরে ধানক্ষেত থেকে দুলাল চন্দ্র বিশ্বাস (২৬) নামে এক পান মসলা ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯ টার দিকে তানোর থানা পুলিশের একটি দল উপজেলার বনকেশর দেউল গ্রাম থেকে লাশটি উদ্ধার করে।নিহত দুলাল চন্দ্র বিশ্বাস ওই গ্রামের জিতেন্দ্রর ছেলে।
তানোর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন জানান, ময়নাতদন্তের জন্য দুপুরে লাশ রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।
স্থানীয়দের বরাত দিয়ে ওসি জানান, সকালে স্থানীয়রা ধানক্ষেতে দুলালের লাশ পড়ে থাকতে দেখে থানায় খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশটি উদ্ধার করে। নিহতের পরনে লুঙ্গি ও চেকশার্ট ছিলো বলে জানান ওসি।
তিনি আরও বলেন, বৃহস্পতিবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা দুলালকে শ্বাসরোধে হত্যা করে। পরে লাশ ওই ধানক্ষেতে ফেলে রেখে গেছে। পূর্ব শত্রুতা কিংবা ছিনতাইয়ের জন্য তাকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে বিষয়টি তদন্তাধীন বলে জানান ওসি।
ঢাকা, ২৫ জুলাই, টাইমনিউজবিডি.কম, কেএইচ





