বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের সেক্রেটারি এবং ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ড. মুহা. রেজাউল করিম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামীন মানুষকে দুনিয়াতে খলিফার দায়িত্ব দিয়ে প্রেরণ করেছেন। খলিফার দায়িত্ব হলো সেই মহান স্বত্তার আদেশ-নিষেধ যথাযথভাবে পালন করা। ইসলামী আন্দোলনের কর্মীদের এই মহান দায়িত্ব পালন করা থেকে বিরত থাকার সুযোগ নেই। তাই জীবনের শেষ মহুর্ত পর্যন্ত আল্লাহর জমীনে দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যেতে হবে। এই কাজের মধ্যেই রয়েছে মানবতার ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তি। তিনি দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ইসলামী ছাত্র আন্দোলনের সাবেক সদস্যদের নতুন করে শপথ গ্রহণের আহবান জানান।

আজ লক্ষীপুরের স্থানীয় মিলনায়তনে বাংলাদেশ জামায়াতে ইসলামী লক্ষীপুর জেলা শাখা আয়োজিত প্রাক্তন সদস্যদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও জেলা আমীর সদস্য এস এম রুহুল আমীন ভূঁইয়ার সভাপতিত্বে ও কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য ও জেলা সেক্রেটারি এ আর হাফিজুল্লাহর পরিচালনায় মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন জেলা প্রচার ও শিক্ষা কার্যক্রম সম্পাদক অধ্যাপক আব্দুর রহমান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন লক্ষীপুর জেলা শাখার সভাপতি মমিন উল্লাহ পাটওয়ারী, লক্ষীপুর শহর আমীর আবুল ফারাহ নিশান, চন্দ্রগঞ্জ উপজেলা সেক্রেটারী রেজাউল ইসলাম সুমন খাঁন, বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা মমতাজ উদ্দিন আহমদ ও শিক্ষাবিদ ওমর ফারুক সহ প্রমূখ।

এম আর করিম বলেন, বৈশ্বিক মহামারী করোনা ভাইরাস বিশ্ববাসীর জন্য নতুন বারতা নিয়ে এসেছে। যারা আল্লাহ তায়ালার মহাপরাক্রমের বিষয়ে সন্দীহান তাদের মধ্যে নতুন করে ভাবান্তরের সৃষ্টি হয়েছে। নাস্তিক্য ও বস্তুবাদী বস্তপচা দর্শন অপমৃত্যুর প্রহর গুণতে শুরু করেছে। এমতাবস্থায় ইসলামী আন্দোলনের কর্মীদের ঘরে বসে থাকার কোন সুযোগ নেই বরং আমাদেরকে একনিষ্ঠ মানবতার পাশে দাঁড়াতে হবে। অসহায় শোষিত-বঞ্চিত মানবতার মুখে হাসি ফোটাতে হবে। জালেমের কবল থেকে মুসলিম মানবতাকে উদ্ধার করতে হবে। বাংলাদেশ জামায়াতে ইসলামী সমাজ কল্যাণমূলক কাজের মাধ্যমে এ দেশের মানুষের হৃদয়ে জায়গা করে নিতে সক্ষম হয়েছে, আলহামদুল্লিাহ। ইসলাম কায়েমের মাধ্যমে শুধুমাত্র একটি মানবিক সমাজ বিনির্মাণ করা সম্ভব। মানব রচিত আদর্শ গুলোর ব্যর্থতা ইসলামের বিজয়ে অনিবার্য করে তুলেছে।

তিনি আরও বলেন, সরকার নিজেদের ক্ষমতাকে অবৈধভাবে দীর্ঘায়িত করার জন্য দেশের গণতন্ত্র ও গণতান্ত্রিক মূল্যবোধ ধ্বংস করে দিয়েছে। নির্বাচন কমিশনকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছে। সাংবিধানিক এই প্রতিষ্ঠানটি সরকারি এজেন্ডা বাস্তবায়নে তৎপর রয়েছে। এমতাবস্থায় দেশ ও জাতিকে বাঁচাতে হলে জনগণের সরকার প্রতিষ্ঠার করতে হবে। কেয়ারটেকার সরকারেরর অধীনে নির্বাচনের দাবি আদায় করতে জাতীয় ঐক্যমত প্রতিষ্ঠার আহবান জানান।

সভাপতির বক্তব্যে এস এম রুহুল আমীন ভূঁইয়া বলেন, মানব জাতির ইহকালীন কল্যাণ ও পরকালীন মুক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামীন ইসলামকে জীবনাদর্শ হিসেবে পাঠিয়েছেন। তাই মানব জাতির সার্বিক মুক্তির জন্য আমাদেরকে ইসলামের দিকেই ফিরে আসেতে হবে।
এছাড়াও প্রধান অতিথি লক্ষীপুর শহর শাখা আয়োজিত পেশাজীবীদের সাথে এক মতবিনিময় সভায় অংশগ্রহণ করেন।

এএস