কিশোরগঞ্জ জেলা কারাগারে শাহীন মিয়া (৫০) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে।
শনিবার (০৬ মার্চ) বেলা ১১টার দিকে কিশোরগঞ্জের সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান। এর আগে শাহীন মিয়া কারাগারে অসুস্থ হয়ে পড়েছিলেন।
শাহীন মিয়া (৫০) ভৈরব পৌরসভার জগন্নাথপুর মধ্যপাড়া গ্রামের শাহজাহান মিয়ার ছেলে। তার কয়েদি নম্বর ৯১৯৭/এ।
জেল কর্তৃপক্ষ সূত্রে জানা যায়, শাহীন মিয়ার কিশোরগঞ্জ ও নরসিংদী জেলায় পৃথক দুটি হত্যা মামলায় ৬০ বছরের সশ্রম কারাদণ্ড হয়েছিলো তার। রায় ঘোষণার পর তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে সাজা খাটছিলেন। সেখান থেকে গেলো ২০ জানুয়ারি তাকে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছিলো।
কিশোরগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ জানান, গেলো শনিবার সকালে কয়েদী শাহীন মিয়া বুকে ব্যথা অনুভব করার কথা জানালে সকাল ১০টা ১০মিনিটের দিকে তাকে কারাগার থেকে দ্রুত সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে বেলা ১১টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, হৃদরোগে আক্রান্ত হয়ে কয়েদী শাহীন মিয়ার মৃত্যু হয়েছে। তার মৃত্যুর বিষয়টি পরিবারকে জানানো হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক আবদুল ওয়াহাব বাদল জানান, রোগীকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিলো। সম্ভবত তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।
এমবি





