রাজশাহীর চারঘাট উপজেলার ভায়ালক্ষ্মীপুর ইউনিয়নের ডাকড়া গ্রামে পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ৮টার দিকে স্কুলে যাওয়ার জন্য গ্রামের পুকুরে গোসল করতে নামলে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলো ওই গ্রামের ইসলাম হোসেনের ছেলে মোস্তফা কামাল (১১) ও সাহাদুলের ছেলে খোকন (১১)। দু’জনই ডাকড়া প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী।
রাজশাহীর চারঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) গোলাম মর্তুজা জানান, স্কুলে যাওয়ার জন্য দু’জনে সকালে পুকুরে গোসল করতে নামে। সাঁতার না জানায় একজন পানিতে ডুবে গেলে আরেকজন তাকে উদ্ধার করতে যায়। এতে সেও পানিতে ডুবে যায়।
পরে স্থানীয়রা তাদের দেখতে না পেয়ে পুকুরে নেমে দু’জনের মৃতদেহ উদ্ধার করে। এ ঘটনায় নিহতদের দু’পরিবারে চলছে শোকের মাতম। এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।
ঢাকা, ১৩ সেপ্টেম্বর, টাইমনিউজবিডি.কম, এআর





