নরসিংদীর পলাশ থেকে ফজলুল হক নামে এক মাছ ব্যবসায়ী নিখোঁজের তিন দিন অতিবাহিত হলেও সন্ধান করতে পারেনি তার পরিবার ও আইনশৃঙ্খলা বাহিনী। যতই দিন যাচ্ছে নিখোঁজ ওই ব্যবসায়ীর পরিবারে মধ্যে আরো শঙ্কা বাড়ছে।
নিখোঁজ ব্যবসায়ী ফজলুল হকের ছেলে রানা জানান, গত ৭ সেপ্টেম্বর সকাল প্রায় সাড়ে ১০টায় তার বাবা পলাশ উপজেলার কুড়াইতলির শংকর দাসের কাছে মাছ বিক্রির টাকা আনার উদ্দেশে বাড়ি থেকে বের হন।
এ টাকা নিয়ে বিকেল পর্যন্ত বাড়ি না ফেরায় তারা মোবাইলে যোগাযোগের চেষ্টা করলে ফোনটি বন্ধ পাওয়া যায়। এতে সন্দেহ দেখা দিলে আশপাশে খোঁজ-খবর নিয়েও তার কোনো সন্ধান করতে পারেনি।
নিখোঁজ ব্যবসায়ী ফজলুল হক পলাশ উপজেলার খানেপুর গ্রামে দীর্ঘ ৬ বছর যাবত একাধিক পুকুর লিজ নিয়ে মাছের চাষ করে আসছেন। তিনি তার পুকুরের মাছ পাইকারদের কাছে প্রতিনিয়ত বিক্রি করে আসছেন।
অন্যান্য দিনের মতো কুড়াইতলি থেকে মাছ বিক্রির ১ লাখ টাকা নিয়ে বাড়ি আসার পথে গত সোমবার নিখোঁজ হন। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। পরে এ বিষয়ে তার ছেলে পলাশ থানায় সাধারণ ডায়েরি করেন।
এ ছাড়া ওই ব্যবসায়ীর পরিবারের পক্ষ থেকে বিষয়টি নরসিংদী পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অবহিত করেন।
পিবিআইর অতিরিক্ত পুলিশ সুপার আপেল মাহমুদ জানান, ঘটনার দিন বেলা ১২ টা পর্যন্ত তিনি চিনিশপুর এলাকায় ছিলেন। পরে মোবাইল বন্ধ থাকায় আর কোনো খবর পাওয়া যায়নি।
এমকে





