নাটোরে প্রাণ কারখানায় শ্রমিকদের বেতন বৃদ্ধি এবং ওভার টাইম কমানোর দাবিসহ ১২ দফা দাবিতে নাটোরের প্রাণ এগ্রো লিঃ কারখানা এবং ক্যাশ কাউন্টারে ভাঙচুর চালিয়েছে শ্রমিকরা।
এ সময় শ্রমিকদের প্রতিরোধ করতে গেলে তাদের ইটপাটকেলের আঘাতে এক পুলিশ সদস্য আহত হয়।
বুধবার থেকে আজ বৃহস্পতিবার সকাল ৯টায় পর্যন্ত দফায় দফায় এই ভাঙচুর করা হয়।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে স্থানীয় সংসদ সদস্যসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে কারখানা এলাকায় অতিরিক্তি পুলিশ মোতায়ন করা হয়েছে।
শ্রমিকরা জানায়, শহরতলীর একডালা এলাকায় স্থাপিত প্রাণ এগ্রো লিমিটেড কর্তৃপক্ষ শ্রমিকদের ১২ ঘণ্টার কাজ করিয়ে ১১ ঘণ্টার বেতন-ভাতা প্রদান করে। এছাড়া ওভার টাইম ডিউটির ১৯ টাকা ঘণ্টা থেকে কমিয়ে ১৬ টাকা ঘণ্টা নির্ধারণ করে। এতে শ্রমিকদের মধ্যে অসন্তোষ ছড়িয়ে পড়লে বুধবার সন্ধ্যায় কারখানার ভিতর বিক্ষোভ মিছিল করে তারা। পরে মিছিলে বিভিন্ন ইউনিটের শ্রমিকরা যোগ দিয়ে একাডেমিক ভবন, টেষ্টিং ল্যাব, কম্পিউটারসহ বিভিন্ন স্থাপনায় ব্যাপক ভাঙচুর চালায়। খবর পেয়ে রাতেই প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের শান্ত করে।
বৃহস্পতিবার সকালে আবারো শ্রমিকরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিল করে ভাঙচুর চালায়। শ্রমিকদের শান্ত করতে গেলে এক পুলিশ সদস্য আহত হয়। এ সময় বহিরাগতরা মালামালসহ ক্যাশ কাউন্টারের টাকা লুটপাট করে। পরে স্থানীয় সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, জেলা প্রশাসক খলিলুর রহমানসহ পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ শ্রমিকদের দাবি-দাওয়া নিয়ে প্রতিষ্ঠানের কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে দাবি পূরণের আশ্বাস দিলে শান্ত হয় শ্রমিকরা।
তবে এখনো শ্রমিকরা কারখানার মূল গেটসহ কারখানায় ভেতরে শ্রমিকরা অবস্থান করছে। কারখানা এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়ন করা হয়েছে।
এমই





