রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বেপারীদের মারধর করে অস্ত্রের মুখে গরু বোঝাই একটি ট্রাক ছিনতাইয়ের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় আহত হয়েছেন চার গরু বেপারী।

আহতরা হলেন, মাসুম (২৪), সুজন (২৬), ঠান্ডু মিয়া (৪৫) ও তানজিমুল (২৮)।

শনিবার ভোরে এ ঘটনা ঘটে বলে জানান তারা।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিতে আসা গরু বেপারীরা জানান, ঝিনাইদহের মহামায়া থেকে ১৬টি গরু নিয়ে রাজধানীর আফতাব নগরের গরুর হাটে যাচ্ছিলেন তারা।

মানিক মিয়া অ্যাভিনিউয়ে পৌঁছালে পিকআপ ভ্যানযোগে আসা একদল ছিনতাইকারী বেপারীদের অস্ত্রের মুখে জিম্মি করে গরুর ট্রাকটি ছিনতাই করে। এ সময় গরু বেপারীদের ওই পিকআপ ভ্যানে তুলে নিয়ে মারধর করে আশুলিয়ায় ফেলে রেখে যায় দুর্বৃত্তরা।

এরপর স্থানীয়দের সহযোগিতায় আফতাব নগরের গরুর হাটে যান বেপারীরা। সেখান থেকে ‍হাট কর্তৃপক্ষ তাদের চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

গরু ছিনতাইয়ের এ ঘটনার সঙ্গে ট্রাকচালক জড়িত রয়েছে সন্দেহ প্রকাশ করে বেপারীরা বলেন, গাবতলী পার হওয়ার পর থেকেই ট্রাকচালক মোবাইল ফোনে বারবার কথা বলছিলেন। মানিক মিয়া অ্যাভিনিউয়ের কাছাকাছি পৌঁছালে চালক হঠাৎ করেই ট্রাকটি থামান। এরপর ছিনতাইয়ের এ ঘটনা ঘটে।

এ ব্যাপারে জানতে চাইলে শেরে বাংলা নগর থানার ডিউটি অফিসার ‍এসআই দেবাশীষ বলেন, এমন একটি অভিযোগ এসেছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ মোজাম্মেল হক গরু বেপারীদের ঢামেকে চিকিৎসা নেওয়ার খবর নিশ্চিত করেন।

জেআই