শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দিনটি ঘিরে সংগঠনটির পক্ষ থেকে কেন্দ্রীয়ভাবে ও সারাদেশে নানা কর্মসূচির আয়োজন করা হয়েছে।

১৯৭৭ সালের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে মাত্র ছয়জন সদস্যকে নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করে ছাত্রশিবির। জামায়াতে ইসলামীর সহযোগী সংগঠন হিসেবে পরিচিত এই ছাত্র সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন শহীদ মীর কাসেম আলী।

প্রায় পাঁচ দশকের পথচলায় ছাত্রশিবির নানা রাজনৈতিক চ্যালেঞ্জ ও পরিবর্তনের মধ্য দিয়ে এগিয়ে এসে বর্তমানে তাদের ৪৯তম বছরে পদার্পণ করেছে। প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে সংগঠনটি।

দিবসটি উপলক্ষে শুক্রবার সকালে রাজধানীতে এক বৃহৎ ‘স্বাগত র‍্যালি’র আয়োজন করা হয়েছে। সংগঠনটির কেন্দ্রীয় প্রচার সম্পাদক আজিজুর রহমান আজাদ জানান, র‍্যালিটি সকাল ৯টায় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে শুরু হয়ে শাহবাগ মোড়ে গিয়ে শেষ হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ অংশ নেবেন।

এছাড়া জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আয়োজন করা হয়েছে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান ও ‘ইয়ুথ আইডিয়া কনটেস্ট ২০২৬’। সকাল পৌনে ৯টায় উদ্বোধনের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজন চলবে বিকেল পৌনে ৫টা পর্যন্ত। তরুণদের সৃজনশীলতা ও উদ্ভাবনী চিন্তার বিকাশে এই প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন সংগঠনটির নেতারা।

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর পাশাপাশি দেশের বিভিন্ন মহানগর ও জেলা শাখার উদ্যোগেও পৃথক কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

এনএইচ