বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও ঢাকা মহানগর বিএনপির সদস্য সচিব আবদুস সালামের জামিন বাতিল করে কারাগারে পাঠানোর প্রতিবাদে আগামীকাল সোমবার সারাদেশে মহানগর, জেলা, উপজেলা ও ঢাকায় থানায় থানায় বিক্ষোভ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।
রোববার দুপুরে দলের নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের পক্ষে এই কর্মসুচি ঘোষণা করেন তিনি।
রিজভী বলেন, বিএনপি নেতাদের জামিন বাতিল সরকারের চরম প্রতিহিংসা পরায়ণতা ও দুর্বিনীতির বহি:প্রকাশ।  দলের পক্ষে, দেশের পক্ষে, গণতন্ত্রের পক্ষে, এবং স্বাধীনতার পক্ষে কথা বলার অপরাধে সরকার বিএনপি নেতাদের জেলে প্রেরণ করেছে বলেও তিনি দাবী করেন।
তিনি বলেন, আমরা এমন এক দেশে বাস করছি যেখানে সত্য কথা বলার কোন অধিকার নেই। সত্যি আজব দেশের ধন্যি রাজার অধীনে বাস করছি আমরা। বর্তমান অবৈধ সরকার দেশকে এক অজানা অন্ধকারের দিকে ঠেলে নিয়ে যাচ্ছে। বিরোধী নেতাদের মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার যেন এ সরকারের কাছে এক খেলায় পরিণত হয়েছে।
তিনি অভিযোগ করে বলেন, এ অবৈধ সরকার জনরোষ থেকে রেহাই পাওয়ার জন্য এবং তাদের মসনদ রক্ষা করার জন্য জাতীয় নেতাদের  জেলে পাঠিয়েছে। এটি সরকারের একটি ভ্রান্ত কৌশল বলেও উল্লেখ করেন তিনি।
রিজভী বলেন, এ সরকার আইয়ুব, ইয়াহিয়া খানের মত বিরোধীদের দমন করতে মিথ্যা মামলা দিয়ে নির্যাতন করছে। কিন্তু কোন স্বৈরাচারী সরকার কাঙ্খিত ফল অর্জন করতে পারেনা। তিনি অবিলম্বে বিএনপি নেতাদের নি:শর্ত মুক্তি দাবী করেন।
সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, বিএনপির শিক্ষা বিষয়ক সম্পাদক খায়রুল কবির খোকন, সহ-দফতর সম্পাদক আবদুল লতিফ জনি ও আসাদুল করিম শাহিন প্রমুখ।
[b]ঢাকা,এমএইচ,১৬মার্চ,টাইমনিউজবিডি//এসএইচ[/b]