রমযানের আগে জামায়াত ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক মন্ত্রী আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ শীর্ষ নেতৃবৃন্দসহ সব নেতা-কর্মীর মুক্তির দাবিতে আগামী শনিবার সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী।
বৃহস্পতিবার এক বিবৃতিতে দলটির পক্ষ থেকে এ বিক্ষোভের আহবান করেছেন ভারপ্রাপ্ত সেক্রেটারী জেনারেল ডাঃ শফিকুর রহমান।
বিবৃতিতে তিনি বলেন, “সরকার জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে দীর্ঘ ৫ বছর যাবত অন্যায়ভাবে কারাগারে বন্দী করে রেখেছেন। সরকার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করে জামায়াতে ইসলামীকে নিশ্চিহ্ন করার যে ষড়যন্ত্র করছে তার অংশ হিসেবেই জামায়াতের সেক্রেটারি জেনারেল আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ ও নেতা-কর্মীদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে কারাগারে বন্দী করে রাখা হয়েছে।"
তিনি আরো বলেন, "আলী আহসান মোহাম্মাদ মুজাহিদ সরকারের রাজনৈতিক প্রতিহিংসার শিকার। দেশের গণতান্ত্রিক আন্দোলনে ও ইসলামী আন্দোলনে তার আপোষহীন ভূমিকায় সরকার দিশেহারা হয়ে তাকে হত্যার ষড়যন্ত্র করছে। তাকে ফাঁসানোর হীন উদ্দেশ্যেই সরকার তার বিরুদ্ধে ভিত্তিহীন মিথ্যা ও বায়বীয় অভিযোগে ষড়যন্ত্রমূলক মামলা দায়ের করেছে। সরকারের পরিকল্পনা মাফিক সাজানো ছকে ও ডিজাইনে মিথ্যা সাক্ষী দেয়ায়ে তাকে দোষী করার ষড়যন্ত্র চলছে।"
"জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দকে নির্মূল করে সরকার জামায়াতকে ধ্বংস করতে চায়। কিন্তু নেতৃবৃন্দকে জেলে আবদ্ধ রেখে কিংবা ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করে কোন আদর্শবাদী আন্দোলনকে কখনো নিশ্চিহ্ন করা যায় না। কাজেই এ বাস্তব সত্য উপলব্ধি করে আসন্ন পবিত্র রমযানের পূর্বেই জনাব আলী আহসান মোহাম্মাদ মুজাহিদসহ জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং সকল নেতা-কর্মীদের মুক্তি প্রদান করার জন্য আমি আহ্বান জানাচ্ছি।"
"জামায়াতের শীর্ষ নেতৃবৃন্দ এবং আটক সকল নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আমি আগামী ১৩ জুন শনিবার দেশব্যাপী শান্তিপূর্ণ বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করছি। ঘোষিত এ বিক্ষোভ কর্মসূচি শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমি জামায়াতের সকল শাখার প্রতি আহ্বান জানাচ্ছি এবং দেশবাসীর সহযোগিতা কামনা করছি।"
জেডআই





