বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি জেনারেল আতিকুর রহমান বলেছেন, আওয়ামী সরকার মনে করেছিল নেতাকর্মীদের হত্যা করে ছাত্রশিবিরকে দমন করা যাবে। কিন্তু আজ প্রমানিত হয়েছে- শহীদী রক্তে বাংলাদেশের মাটি আরও উর্বর হয়েছে।
বৃহস্পতিবার সকালে রাজধানীর একটি মিলনায়তনে শহীদ খলিলুর রহমান মল্লিক স্মরণে প্রকাশিত স্মারকের মোড়ক উন্মোচনকালে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
ঢাকা মহানগরী দক্ষিন সভাপতি রাশেদুল হাসান রানার সভাপতিত্বে ও সেক্রেটারি মুঈনুদ্দিন মৃধার পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় ছাত্র আন্দোলন সম্পাদক জাকির হোসেন সেলিম। উপস্থিত ছিলেন মহানগরী সাংগঠনিক সম্পাদক সাদেক বিল্লাহ ও শ্যামপুর থানা সভাপতি গিয়াস উদ্দিন প্রমুখ।
শিবির সেক্রেটারী আরও বলেন, হত্যা-নির্যাতনের পথ ধরে কোন আদর্শকে নির্মূল করা যায় না। ইতিহাস সাক্ষ্য দেয়, যখনই জালিম শাসকেরা আদর্শের পতাকাবাহী সংগঠনের নেতাকর্মীদের হত্যা-নির্যাতন করেছে, তখন সেই সংগঠন আরও শক্তিশালী হয়েছে। জামায়াত-শিবিরের ওপর স্টীমরোলার চালিয়ে আওয়ামীলীগ এই দুই সংগঠনকে মানুষের আরও কাছাকাছি নিয়ে গেছে। দেশবাসী তাই জামায়াত-শিবিরকে হৃদয়ে স্থান দিয়েছে। উপজেলা নির্বাচনের ফলাফল এই ইঙ্গিতই বহন করে।
তিনি নেতাকর্মীদের উদ্দেশে বলেন, শহীদ খলিল আমাদের প্রেরণা। যেই চেতনা বুকে ধারণ করে তিনি পথ চলেছেন, আমাদেরকেও সমভাবে সেই চেতনাকে ধারণ করে পথ চলতে হবে। শহীদ খলিলের রেখে যাওয়া দায়িত্বের আঞ্জাম দিয়ে বাংলাদেশকে ইসলামী কল্যাণ রাষ্ট্রে পরিণত করতে হবে।
[b]ঢাকা, ৬ মার্চ (টাইমনিউজবিডি.কম) // জেআই[/b]