বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির মাওলানা মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ড কার্যকর হওয়ায় মাথা থেকে একটি কলঙ্ক দাগ মুছে গেল বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল।

মঙ্গলবার দিবাগত রাত ১২টা ২০ মিনিটের দিকে নিজ বাসায় সাংবাদিকদের সামনে এমন প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ত্রী।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এটা জাতির প্রত্যাশা ছিল দীর্ঘ দিনের। তারপর আমি একজন মুক্তিযোদ্ধা হিসেবে আমার প্রত্যাশা ছিল আরো দীর্ঘ দিনের। আমি মনে করি, আজকে আমাদের আমাদের মাথা থেকে একটা কালো দাগ মুছে গেল।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, এই দিনটির অপেক্ষায় আমরা ছিলাম। যে আমরা মুক্তিযোদ্ধারা দেখে যেতে পারছি, যারা যুদ্ধাপরাধী, যারা মানবতা বিরোধী কর্মকাণ্ড করেছিলেন তাদের বিরুদ্ধে রায়গুলো কার্যকর হচ্ছে।

তিনি বলেন, আজকে মতিউর রহমান নিজামী ফাঁসি হলো। তিনি আমাদের অনেক তরুণকে হত্যা করেছেন। মনিপুর পাড়ায় আমি যেখানে থাকি সেখানকার বদিকে তিনি হত্যা করেছেন। এমন অনেক উদাহরণ আছে। অনেক নৃশংসতার উদাহরণ রয়েছে।

মন্ত্রী আরো বলেন, আজকে নিজামীর ফাঁসি কার্যকর করা হয়েছে, এর জন্য প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই। তিনি জাতিকে যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তিনি যুদ্ধাপরাধীদের বিচার করবেন, আজ তা পূর্ণ হলো। মুক্তিকামী বাঙালিরা এই দিনটিকে স্মরণ করবে।

ফাঁসি পরবর্তী আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, যথযোগ্যভাবে বিচার প্রক্রিয়ার মাধ্যমেই এই ফাঁসি কার্যকর করা হয়েছে। আমরা বিশ্বাস নাশকতা কেউ করবে না। জামায়াত-শিবিরের ভক্তরা যারা আছেন তারা নিজেদের মানুষ বলে পরিচয় দিবার দাবি করেন তাহলে আমার মনে হয় তারা এসব করবে না। তারপরও যদি কেউ করে তাদের আমরা চিহ্নিত করে শাস্তির ব্যবস্থা করবো।

কেবি