অবরোধের মধ্যে আগুন দিয়ে মানুষ হত্যার জন্য বিএনপিকে দায়ী করে দলের সর্বোচ্চ নেতাদের বিচার দাবি করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পুত্র ও তথ্য-প্রযুক্তি উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
বুধবার নিজের ফেসবুক পাতায় এক স্ট্যাটাসে তিনি এ দাবি জানান।
জয় তার নিজের ফেসবুক পাতায় লিখেছেন, গত রাতে রংপুরে বিএনপি-জামায়াতের সন্ত্রাসীরা চারজন মানুষকে পুড়িয়ে মেরে ফেলেছে। বিগত কয়েকদিনে তারা আরও বেশ কিছু মানুষকে কাপুরুষোচিতভাবে হামলা করে অগ্নিসংযোগের মাধ্যমে আহত এবং নিহত করেছে। এগুলো সন্ত্রাসবাদ ও হত্যাকাণ্ড।
এগুলো ততক্ষণ বন্ধ হবে না, যতক্ষণ না যেসব নেতারা এ ধরনের সন্ত্রাসী হামলার নির্দেশ দেয় তাদের বিচারের মুখোমুখি করা হচ্ছে। বিএনপির সর্বোচ্চ নেতৃত্বকে সন্ত্রাস ও হত্যার অভিযোগে অভিযুক্ত করা উচিত।
এমআর





