অস্ট্রেলিয়া যাবার আগে প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা যে বক্তব্য দিয়েছেন সে বিষয়ে আজ সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বিএনপি। তবে এ নিয়ে কখন সংবাদ সম্মেলন হবে সে বিষয়ে সিদ্ধান্ত হয়নি।

বিষয়টি নিশ্চিত করে বিএনপির মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছেন, শনিবার দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ প্রতিক্রিয়া জানানো হবে।

তবে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি শনিবার সকালে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাবে বলেও তিনি জানান।

শুক্রবার রাত ৯টা ৫৬ মিনিটে ঢাকার হেয়ার রোডের বাসা থেকে বেরিয়ে বিমানবন্দরের পথে গাড়িতে ওঠার আগে প্রধান বিচারপতি বলেছেন, ‘আমি অসুস্থ না, আমি অসুস্থ না। আমি ভালো আছি, আমি পালিয়েও যাচ্ছি না। আমি আবার ফিরে আসব। আমাকে ছুটিতে যেতে বাধ্য করা হয়নি। আমি নিজে থেকেই ছুটি নিয়েছি।’

তিনি বলেন, ‘আমি একটু বিব্রত। আমি বিচার বিভাগের অভিভাবক। আমি চাই না, বিচার বিভাগ কলুষিত হোক। বিচার বিভাগের স্বার্থে আমি সাময়িকভাবে যাচ্ছি। কারো প্রতি আমার কোনো বিরাগ নেই। বিচার বিভাগ স্বাধীন থাকুক, এটাই আমি চাই।’

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার এসব বক্তব্যের প্রতিক্রিয়ায় আজ শনিবার সংবাদ সম্মেলনে জানাবে বলে শায়রুল কবির খান জানান।
জেড