কমিটি নিয়ে দলে বিভক্তি দেখা দেয়ায় রাজশাহী মহানগর যুবদলের নবগঠিত পূর্ণাঙ্গ কমিটি স্থগিত করেছে কেন্দ্রীয় কমিটি।

শনিবার রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম নিরব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী রাজশাহী নগর যুবদলের নতুন কমিটি স্থগিত করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী নির্দেশনা জানিয়ে দেয়া হবে।

তবে এ বিষয়ে রাজশাহীর নগর যুবদলের নতুন সভাপতি ওয়ালিউল হক রানা জানিয়েছেন, কমিটি স্থগিতের কোনো চিঠি তিনি পাননি।

রাজশাহীর মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন জানান, নতুন কমিটি নিয়ে দ্বন্দ্ব হওয়ায় দুইদিন আগে পুনরায় কমিটি সমন্বয় করার একটি প্রস্তাব দেয়া হয়েছে।পরে এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

বিএনপির একটি সূত্র জানিয়েছে, নতুন কমিটি সমন্বয় করে আবারও কমিটি গঠনের উদ্যোগ নেয়া হচ্ছে। এ কমিটি গঠনের দায়িত্ব দেয়া হয়েছে রাজশাহী সিটি করপোরেশনের মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলকে।

এ বিষয়ে মোসাদ্দেক হোসেন বুলবুলের একান্ত সচিব আবদুল্লাহ আল মাহমুদ বিপ্লব জানান, যুবদলের নয়া কমিটি স্থগিতের বিষয়টি সম্পর্কে সিটি মেয়র অবগত আছেন। সংকট নিরসনে শিগগিরই নতুন কমিটি গঠনের প্রক্রিয়া শুরু হবে।

ঢাকা, ৩১ আগস্ট, টাইমনিউজবিডি.কম, এআর